এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
একই বার্তায় জানানো হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
পিছিয়ে যায় ফল প্রকাশ
এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হবে। সে অনুযায়ী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছিল।
তবে ফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে তা প্রকাশ করা সম্ভব হয়নি। গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২০ জুলাই ফল প্রকাশ হচ্ছে না।
পরীক্ষায় অংশ নেয় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
গত ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে। তবে এবার নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। এবার ১০ আগস্ট ফল প্রকাশ হলে দীর্ঘ অপেক্ষার অবসান হবে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের।
রেডিওটুডে নিউজ/আনাম

