দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে: ভিসি আমানুল্লাহ

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৪ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৪ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে: ভিসি আমানুল্লাহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৪, ৮ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৪৪, ৮ আগস্ট ২০২৬

Google News
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে: ভিসি আমানুল্লাহ

সাংবাদিকতার স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল চর্চাই দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। তথ্য-প্রযুক্তির এই যুগে অপতথ্য ও ভুয়া সংবাদের ভিড়ে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের স্বাধীন, অনুসন্ধানী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আমানুল্লাহ বলেন, ‘সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ যেমন সমাজকে সঠিক পথ দেখাতে পারে, তেমনি অসত্য তথ্য বা গুজব মুহূর্তেই সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাই সাংবাদিকতার গুণগত মান রক্ষা, তথ্যের সত্যতা যাচাই ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সাংবাদিকতার নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ক্রমাগত আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জনের আহ্বান জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও সেশনজট নিরসন প্রসঙ্গে ভাইস-চ্যান্সেলর জানান, ২০২৭ সালের জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সেই আর সেশনজট থাকবে না। একাডেমিক কার্যক্রমে গতি আনা, বিশ্বমানের দক্ষতাভিত্তিক কোর্স চালু, সিলেবাস আধুনিকায়ন এবং বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করার কাজ চলছে।

চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়নের কথা উল্লেখ করে ভিসি আরও বলেন, ‘শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ‘পারফর্মিং আর্টস কলেজ’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বের প্রশংসা করে বলেন, অধ্যাপক ড. আমানুল্লাহর গতিশীল নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন উচ্চতায় এগিয়ে যাচ্ছে। তিনি দায়িত্ব নেওয়ার পর পিআইবিতে গত সাত বছরের দীর্ঘ সেশনজট ও স্থবিরতা কাটতে শুরু করেছে।

পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে দুজন বক্তব্য দেন। এ সময় পিআইবির সমন্বয়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষণার্থী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের