মস্তিষ্কে টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের লন্ডনে দ্বিতীয় ধাপের কেমোথেরাপি চলছে। তাঁর শারীরিক অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল নয় বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
তিনি জানান, কখনও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আবার কখনও কিছুটা অবনতি দেখা দিচ্ছে। চলমান কেমোথেরাপির দ্বিতীয় ধাপ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে ফেরার বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে চিকিৎসকদের অনুমতি মিললে আগস্টে কিছু সময়ের জন্য দেশে আসতে পারেন তিনি।
লিটন এরশাদ আরও বলেন, দীর্ঘদিনের অসুস্থতা ইলিয়াস কাঞ্চনের মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলেছে। তিনি স্বাভাবিকভাবে কথা বললেও আগের মতো প্রাণবন্ত নেই। কিছু বিষয় মনে রাখতে পারছেন, আবার কিছু বিষয় ভুলে যাচ্ছেন।
বর্তমানে মেয়ের বাসায় লন্ডনে অবস্থানরত ইলিয়াস কাঞ্চন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রসংগত, গত বছরের ২৬ এপ্রিল লন্ডনে হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি চিকিৎসকের অধীনে চিকিৎসা নেওয়া শুরু করেন ইলিয়াস কাঞ্চন।
৫ আগস্ট তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর কয়েক সপ্তাহ চিকিৎসকের অবজারভেশনে ছিলেন এই নন্দিত অভিনেতা।
রেডিওটুডে নিউজ/আনাম

