অস্ট্রেলিয়ান জনপ্রিয় সিনেমা ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’-এ বসতি স্থাপনাকারীদের নেতা প্যাপাগ্যালো এবং টিভি সিরিজ ‘হোমিসাইড’-এ গোয়েন্দা বব ডেলানি চরিত্রে অভিনয়ের জন্য তারকা খ্যাতি লাভ করা মাইক প্রিস্টন মারা গেছেন। গত ৮ জুন মৃত্যু হলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ তথ্য। মৃত্যুকালে ৯৩ বছর বয়স হয়েছিল এ তারকার।
সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, প্রিস্টন মৃত্যুকালে স্ত্রী জোসি প্রিস্টন ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে―এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অভিনেতা প্রিস্টনের জন্মগত নাম জ্যাক ডেভিস। পঞ্চাশের দশকের শেষ দিকে যুক্তরাজ্যের চার্ট-টপিং সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ হয় তার। এতে তার তিনটি গান টপ-৪০ তালিকায় জায়গা করে নিয়েছিল। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় চলে যান এবং নাইটক্লাব গায়ক ও পারফর্মার হিসেবে কাজ শুরু করেন।
এরপরই মূলত ভাগ্য সহায়ক হয় তার। ‘ইন মেলবোর্ন টুনাইট’ অনুষ্ঠান উপস্থাপনা করে সফলতা পাওয়ার পর অস্ট্রেলীয় ধারাবাহিক ‘হোমিসাইড’র ৪২টি পর্বে অভিনয় করেন তিনি। ‘বেলবার্ড’ সোপ অপেরায় একটি পুনরাবৃত্তিমূলক চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘ডিকসন অব ডক গ্রিন’, ‘ট্যান্ডারা’, ‘চপার স্কোয়াড’ ও ‘কপ শপ’-এ অভিনয় করেন।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন প্রিস্টন। ১৯৬৯ সালে ‘স্টোনি’ সিনেমায় প্রথমবার দেখা যায় তাকে। এতে বার্বারা বুশে ও রিচার্ড জেকেলও অভিনয় করেছিলেন। এ ছাড়া জর্জেস মিলারের জনপ্রিয় ‘ম্যাড ম্যাক্স’র সিক্যুয়েল ‘দ্য রোড ওয়ারিয়ার’-এও কাজ করেছেন। আবার সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘মেন্টালস্টর্ম: দ্য ডিস্ট্রাকশন অব জারেড সিন’-এ নাম ভূমিকায় অভিনয় করেন। কেরি কিন, এরিক পেয়ারপয়েন্ট ও ডিনা মেরিলের মতো তারকাদের সঙ্গে ‘হট পারস্যুট’র আটটি পর্বেও দেখা গেছে তাকে।
আশি ও নব্বইয়ের দশকজুড়ে ডজনখানেকের বেশি শোয়ে অতিথি শিল্পী হিসেবেও অভিনয় করেছেন প্রিস্টন। এর মধ্যে রয়েছে- ‘এলেন’, ‘স্কেয়ারক্রো অ্যান্ড মিসেস কিংস’, ‘শ্যাডো চেজার্স’, ‘আউটলজ’, ‘সুপারবয়’, ‘এলিয়েন নেশন’, ‘ডার্ক জাস্টিস’, ‘হাইল্যান্ডার’, ‘স্টিল’ ও ‘ল অ্যান্ড অর্ডার’। তার অভিনীত সবশেষ কাজ ছিল ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ভিডিও গেম ‘দ্য গেটওয়ে’তে কণ্ঠ দেয়া।
রেডিওটুডে নিউজ/আনাম

