মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’ নিয়ে আইনি ঝামেলায় জড়িয়েছেন সেলেনা গোমেজ। প্রতিষ্ঠানটির কয়েকজন বিনিয়োগকারীর করা মামলায় প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন সেলেনা। তাঁর আইনজীবীরা মামলাটি খারিজের আবেদন করেছেন আদালতে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে মিলে ‘ওয়ান্ডারমাইন্ড’ প্রতিষ্ঠা করেন সেলেনা গোমেজ। প্রতিষ্ঠানটির সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনও এ উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম ও আর্থিক অবস্থার বিষয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল। এমন অভিযোগে পরে আদালতের দ্বারস্থ হন কয়েকজন বিনিয়োগকারী।
মামলার নথি অনুযায়ী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, সম্পদ ও অবকাঠামো নিয়ে বছরের পর বছর ভুল তথ্য ও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিনিয়োগকারীদের। এসব আশ্বাসের ভিত্তিতে তারা প্রায় ১২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছিলেন।
মামলায় সাধারণ আইনের অধীনে প্রতারণা, চুক্তি লঙ্ঘন ও সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এতে সেলেনা গোমেজ, তাঁর মা ম্যান্ডি টিফি ও সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনকে আসামি করা হয়েছে। সেলেনার আইনজীবী ম্যাথিউ এস. রোজেনগার্ট অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘সেলেনা প্রতারণা বা অন্য কোনো অসদাচরণ করেছেন– এই ধারণাটি অযৌক্তিক।’ শুধু মামলা খারিজের আবেদনেই থেমে থাকছেন না সেলেনার আইনজীবীরা। তারা জানিয়েছেন, তাঁকে এই মামলায় অন্যায়ভাবে জড়ানোর জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন।
বিনিয়োগকারীদের অভিযোগ, ‘ওয়ান্ডারমাইন্ড’কে মানসিক সুস্থতা নিয়ে কাজ করা একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে তাদের সামনে তুলে ধরা হয়েছিল। প্রতিষ্ঠানটির পরিকল্পনায় ছিল একটি মোবাইল অ্যাপ, বিজ্ঞাপনভিত্তিক বিভিন্ন চুক্তি এবং তারকাদের অংশগ্রহণে কনটেন্ট তৈরি। বিনিয়োগকারীদের জানানো হয়েছিল, সেলেনা গোমেজ নিজেও প্রতিষ্ঠানটির বিপণন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকবেন। তবে অভিযোগকারীদের দাবি, পরিকল্পনার অনেক কিছুই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
পাশাপাশি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও গুরুতর আর্থিক সংকটের বিষয়টিও তাদের কাছ থেকে গোপন করা হয়েছিল। মামলার নথিতে আরও বলা হয়েছে, পরে ‘ফোর্বস’ ও ‘দ্য কাট’-এ প্রকাশিত দুটি প্রতিবেদনের মাধ্যমে ওয়ান্ডারমাইন্ডের অভ্যন্তরীণ নানা সমস্যার কথা জানতে পারেন বিনিয়োগকারীরা। অন্যদিকে সেলেনার আইনজীবীরা আদালতে দেওয়া আবেদনে বলেছেন, মামলায় এমন কোনো নির্দিষ্ট মিথ্যা বক্তব্যের উল্লেখ নেই, যা সেলেনা ব্যক্তিগতভাবে বিনিয়োগকারীদের কাছে দিয়েছেন।
তাদের দাবি, সেলেনা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন না। আইনি নথিতে আরও বলা হয়েছে, ওয়ান্ডারমাইন্ড পরিচালনার দায়িত্ব নেওয়ার বিষয়ে কখনও সম্মতি দেননি সেলেনা। এমনকি প্রতিষ্ঠানটিতে তাঁর সংখ্যালঘু মালিকানাও ছিল না। তাঁকে মূলত পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ‘চিফ সোশ্যাল ইমপ্যাক্ট অফিসার’ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।
সেলেনার আইনজীবীদের ভাষ্য, মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্পষ্ট, সাধারণ ও পরস্পরবিরোধী। ফলে প্রতারণার অভিযোগে তাঁকে দায়ী করার কোনো আইনি ভিত্তি নেই এবং মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়া উচিত।
আইনি নথি অনুযায়ী, ম্যান্ডি টিফি ও ড্যানিয়েলা পিয়ারসনই ওয়ান্ডারমাইন্ডের যৌথ প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

