রোববার,

২২ নভেম্বর ২০২৬,

৮ অগ্রাহায়ণ ১৪৩৩

রোববার,

২২ নভেম্বর ২০২৬,

৮ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৮, ২২ নভেম্বর ২০২৬

Google News
যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শহর শিকাগোর একটি সড়কের সম্মানসূচক নাম বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিকাগো সিটি কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে একটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে।

প্রস্তাবটি পাস হলে শহরের আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশের নতুন সম্মানসূচক নামকরণ করা হবে। অধ্যাদেশটি পাস ও প্রকাশের পরপরই কার্যকর হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

অধ্যাদেশের প্রস্তাবনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দীর্ঘদিনের জনসেবা এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।

এসব অবদানের স্বীকৃতি হিসেবেই তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ বা গণতন্ত্রের মা হিসেবে পরিচিতি পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার অবদানের প্রশংসা করা হয়েছে।

গত বছরের ৩০ ডিসেম্বর তার মৃত্যুর পর গণতন্ত্র ও জনসেবায় তার অবদান স্মরণীয় করে রাখতেই সড়কটির নামকরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রস্তাবে বলা হয়েছে।

প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের