ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে, তাদের বিদেশি হিসেবে আখ্যা দিয়ে এবং এখন বেআইনিভাবে দেশ থেকে বিতাড়িত করে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুযায়ী, ভারতে চলমান ভোটার তালিকা সংশোধনের ফলে প্রায় ১৩ কোটি মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান। ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে এত বড় পরিসরে নাম বাদ দেওয়ার ঘটনা এটিই প্রথম।
পরিসংখ্যানে দেখা গেছে, এই ব্যাপক হারে নাম বাদ পড়ার সবচেয়ে বড় শিকার হয়েছেন ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে মুসলিমদের প্রতি বৈষম্য ও তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার নীতি বেড়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছে।
তবে ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে কেবল একাধিকবার নিবন্ধিত ভোটার, মৃত ব্যক্তি, অন্যত্র স্থানান্তরিত ব্যক্তি এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নামই বাদ দেওয়া হয়েছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে আপিল করার সুযোগ রয়েছে বলেও কমিশন জানিয়েছে।
কিন্তু বাস্তবে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াটি অবৈধ অভিবাসী শনাক্তকরণ এবং তাদের দেশ থেকে বহিষ্কারের পৃথক একটি অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া মানেই তিনি বিদেশি, এমন কোনো আইনি প্রমাণ প্রতিষ্ঠিত হয় না।
এ প্রসঙ্গে মার্কিন কমিশনের সদস্য জিন মিলস বলেন, মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারত সরকারের নিজ দেশের নাগরিকদেরই বহিষ্কার করা দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার কৌশলে এক ভয়াবহ মাত্রার নতুন সংযোজন। তিনি ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে ঘোষণা করার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি জোর আহ্বান জানান।
ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা, যা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে নীতিগত সুপারিশ দেয়। তবে তাদের সুপারিশ মানা মার্কিন সরকারের জন্য বাধ্যতামূলক নয়। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, এটি ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ এবং ওয়াশিংটন এ নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না।
অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতোই ইউএসসিআইআরএফ-কে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে এই সমালোচনাকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে প্রত্যাখ্যান করেছে।
এদিকে, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরোধী রাজনৈতিক দল ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মূলত সেইসব মানুষের নামই তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, যাদের বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম। এই বিক্ষোভ দমনে ভারত সরকারের কঠোর পদক্ষেপেরও তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।
জাতিসংঘের বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, মোদি সরকারের আমলে ভারতে বিদ্বেষমূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন, মুসলিমদের বাড়িঘর ও স্থাপনা ভেঙে ফেলা, জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইনের মাধ্যমে সংখ্যালঘুদের কোণঠাসা করা হয়েছে।
যদিও নয়াদিল্লি এসব বৈষম্যের অভিযোগ অস্বীকার করে দাবি করছে, সরকারের উন্নয়নমূলক ও ভর্তুকি কর্মসূচির সুবিধা সব ধর্মের মানুষই সমানভাবে পাচ্ছে। পাশাপাশি, প্রতিবেদনে যুক্তরাষ্ট্রেও সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ইসলামবিদ্বেষ ও মুসলিমবিরোধী বক্তব্য বৃদ্ধির বিষয়ে নাগরিক অধিকার সংগঠনগুলোর সমালোচনার কথাও উল্লেখ করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

