শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬,

৬ অগ্রাহায়ণ ১৪৩৩

শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬,

৬ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

মিয়ানমারের বিরুদ্ধে এ রায় ইসরায়েলের জন্যও প্রাসঙ্গিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ২০ নভেম্বর ২০২৬

Google News
মিয়ানমারের বিরুদ্ধে এ রায় ইসরায়েলের জন্যও প্রাসঙ্গিক

শুধু রোহিঙ্গা ভুক্তভোগীদের বিচার পাওয়া প্রশ্নে নয়; আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের মধ্য দিয়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদের নতুন তাৎপর্য তৈরি হয়েছে। রাষ্ট্রগুলোর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এই সনদ কীভাবে প্রয়োগ করা হবে, সে বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন আদালত।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজের বিচারকদের ৯-৬ সংখ্যাগরিষ্ঠ রায়ে গণহত্যা সনদ প্রয়োগের একটি বিস্তারিত কাঠামো তুলে ধরা হয়েছে। বিশেষ করে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে সরকার গণহত্যা চালানোর অভিযোগ উঠলে সেই অপরাধের পেছনে সরকারের উদ্দেশ্য কী ছিল, তা কীভাবে নির্ধারণ করতে হবে, সে বিষয়ে বিচারকরা ব্যাখ্যা দিয়েছেন।

দীর্ঘ এই রায়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে পড়বে ইসরায়েল। বর্তমানে গণহত্যার অভিযোগে আইসিজের সামনে থাকা অন্য একমাত্র দেশ ইসরায়েল। রায়টি জার্মানির জন্যও প্রাসঙ্গিক। গাজায় গণহত্যা সংঘটনে সহায়তা করা এবং তা ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে নিকারাগুয়া জার্মানির বিরুদ্ধে আইসিজেতে মামলা করেছে।

গাম্বিয়ার আইনি দলের সদস্য এবং মানবাধিকার-বিষয়ক বিশিষ্ট আইনজীবী ফিলিপ স্যান্ডস বলেন, ‘আমার মনে হয়, এই রায় গণহত্যা সনদকে বাস্তব অর্থে কার্যকর করেছে। সনদটির ব্যবহারিক প্রয়োগের সুযোগ তৈরি করেছে। এর বিপরীত সিদ্ধান্ত হলে সনদটি কার্যত অর্থহীন হয়ে পড়ত।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড রায়টিকে ‘বেঁচে যাওয়া মানুষ, ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য ন্যায়বিচারের এক বিরল মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। ক্রমেই আন্তর্জাতিক আইন অমান্য করার প্রবণতা বাড়তে থাকা বিশ্বে এই রায়কে মানবিক আইনের কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।

উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ ড. ইভা ভুকুসিচ বলেন, ‘আন্তর্জাতিক আইনের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। এমন একটি রায় আমাদের প্রয়োজন ছিল। এটি আইনের অনেক বিষয় স্পষ্ট করেছে, যা ভবিষ্যতে অত্যন্ত কাজে আসবে।’
এই রায়ের প্রভাব হেগের আরেকটি আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) পড়তে পারে। ব্যক্তিবিশেষের বিরুদ্ধে কখন গণহত্যার অভিযোগ আনা যায়, তা নির্ধারণে আইসিজের রায়টি একটি মানদণ্ড হিসেবে কাজ করতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও রায়টির দিকে সতর্ক দৃষ্টি রাখছে। আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোর প্রতি ট্রাম্প প্রশাসনের অবস্থান বরাবরই নেতিবাচক। এই রায় ঘোষণার আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আইসিজেকে সতর্ক করে বলেছিলেন, গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে আইনি মানদণ্ড যেন ‘শিথিল করা না হয়’। তাঁর আশঙ্কা ছিল, এমনটি হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সেনাদের বিরুদ্ধে এই আইনকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করা হতে পারে।

তবে আদালত গণহত্যা প্রমাণের বিদ্যমান মানদণ্ড সরাসরি শিথিল করেননি। গাম্বিয়াও আদালতের কাছে এমন কোনো পরিবর্তনের আবেদন জানায়নি। গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে বিচারকরা আগের সেই মানদণ্ডই বহাল রেখেছেন, যেখানে অভিযুক্তের কর্মকাণ্ডের ‘একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা’ হতে হবে গণহত্যার উদ্দেশ্য। এ ক্ষেত্রে আগের বিভিন্ন মামলার রায়ও বিস্তারিতভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। 

নতুন রায়ে আইসিজে বলেছে, রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি গণহত্যা চালানোর জন্য মিয়ানমারের সামরিক বাহিনী দায়ী। ২০১৭ সালে দেশটির উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো সামরিক অভিযানের সময় এই নৃশংসতা চরমে পৌঁছে।

মিয়ানমারের সামরিক অভিযানের ব্যাপ্তি মূল্যায়নের সময় আইসিজে শুধু নিহত মানুষের সংখ্যা বিবেচনায় নেয়নি। প্রায় ১০ হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি উত্তর রাখাইনে অভিযানের লক্ষ্যবস্তু হওয়া মোট ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গার বিষয়ও গুরুত্ব পেয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, আদালত শুধু প্রাণহানির হিসাবের মধ্যে নিজেদের মূল্যায়ন সীমাবদ্ধ রাখেননি। বেঁচে যাওয়া মানুষের মানসিক ক্ষতি, বিশেষ করে যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের ওপর এর প্রভাব এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রজনন ক্ষমতার ওপর অভিযানের প্রভাবও বিবেচনায় নেওয়া হয়েছে। বিচারকদের মতে, সব প্রমাণ একসঙ্গে বিবেচনা করলে গণহত্যার উদ্দেশ্যই ছিল ‘একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা’।

এই সিদ্ধান্তে পৌঁছাতে আদালত কয়েকটি বিষয় তুলে ধরেছেন, যেগুলো আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞদের মতে গাজা-সংক্রান্ত মামলার ক্ষেত্রেও প্রাসঙ্গিক হতে পারে। দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে মামলাতে বর্তমানে লিখিত বক্তব্য ও পাল্টা বক্তব্য জমা নেওয়া হচ্ছে। মামলার নিষ্পত্তিতে আরও অন্তত তিন বছর লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুটি ঘটনার মধ্যে একটি সাধারণ দিক হলো শিশুদের লক্ষ্যবস্তু করা। আইসিজে বলেছেন, রোহিঙ্গা শিশুদের ওপর হামলা পুরো জনগোষ্ঠীর অস্তিত্বের ‘ভিত্তি’কে আঘাত করার শামিল। আদালতের তথ্য অনুযায়ী, ৫ বছরের কম বয়সী ২ হাজার ১০৯ জন রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। অন্যদিকে গাজা যুদ্ধে ৫ বছরের কম বয়সী পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

মিয়ানমারের বিরুদ্ধে রায়ে আদালত আরও একটি অপরাধের বিষয় উল্লেখ করেছেন। সেটি হলো, গ্রাম ধ্বংসের পর বুলডোজার দিয়ে বিস্তীর্ণ এলাকা সমতল এবং বড় পরিসরে ভূমি পরিষ্কার করা। এরপর সেখানে দ্রুত নিরাপত্তা স্থাপনা নির্মাণ করা হয়। গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর দখলদারিত্বের সময়ও এ ধরনের কর্মকাণ্ড দেখা গেছে।

মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও গণহত্যা বিশেষজ্ঞ উইলিয়াম শাবাস বলেন, ‘এই রায়ে ইসরায়েলের জন্য অনেক বার্তা রয়েছে। অবশ্যই দুই ঘটনার মধ্যে স্পষ্ট পার্থক্য আছে এবং প্রমাণও আলাদা হবে। কিন্তু রায়ে মিয়ানমার শব্দটির জায়গায় ইসরায়েল বসালে খুব বেশি কিছু বদলাতে হবে না।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের