শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬,

৫ অগ্রাহায়ণ ১৪৩৩

শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬,

৫ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মার্কিন কম্পানিগুলো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৩, ১৯ নভেম্বর ২০২৬

Google News
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মার্কিন কম্পানিগুলো

বাংলাদেশের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের কম্পানিগুলো বিনিয়োগ বাড়াতে চায় বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগ বাড়াতে ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র।

গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্যচুক্তি (এআরটি) এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তিতে স্বচ্ছ শুল্কব্যবস্থা, ব্যবসার নিয়মকানুন সহজ করা, নীতিগত সিদ্ধান্তে পূর্বানুমানযোগ্যতা ও আন্তর্জাতিক মান অনুসরণের বিষয়গুলো রয়েছে। পাশাপাশি অশুল্ক বাধা কমানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। গত মে মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক মার্কিন জ্বালানি কম্পানিগুলোর জন্য সরকারি পর্যায়ে নতুন সহযোগিতার সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, শেভরন শুধু বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগকারী নয়, দেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারীও।

প্রতিষ্ঠানটি বাংলাদেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকের বেশি উৎপাদন করছে। এ ছাড়া এক্সিলারেট এনার্জি দেশে দুটি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট পরিচালনা করছে। জিই ভারনোভাও বাংলাদেশের বিদ্যুৎ খাতে কাজ করছে এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। মার্কিন কম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী।

রাষ্ট্রদূত আরো জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

সংস্থাটি জ্বালানি, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অর্থায়ন করে। তবে এ অর্থায়ন পেতে প্রকল্পগুলো ব্যবসায়িকভাবে লাভজনক ও বাস্তবসম্মত হতে হবে। প্রকল্পের মাধ্যমে দৃশ্যমান অর্থনৈতিক ও কৌশলগত সুফলও নিশ্চিত করতে হবে।

সভায় ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কর দিতে চাইলেও বিভিন্ন প্রতিষ্ঠানের হয়রানির কারণে করের আওতা বাড়ানো যাচ্ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ ও তৃণমূল পর্যায় থেকে বিশ্বাসযোগ্য ভাষ্য তৈরি করতে হবে। জাতীয় নেতৃত্বকেও এসব কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে।

তিনি আরো বলেন, দেশের মানুষের মধ্যে নিজের ভাগ্য নিজেই গড়ে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। বস্তিবাসী, মধ্যবিত্ত, তরুণ, নারী, কৃষক ও শ্রমিক- সব শ্রেণির মানুষের মধ্যেই উদ্যোগী মনোভাব ও পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু মানুষের এই উদ্যোগ, পরিশ্রম ও উদ্ভাবনী শক্তিকে রাষ্ট্র, রাজনীতি ও সমাজের প্রভাবশালী গোষ্ঠীগুলো যথাযথ স্বীকৃতি দিচ্ছে না।

বিনিয়োগ পরিবেশ সহজ করার তাগিদ

অনুষ্ঠানে আইবিএফবির সভাপতি সৌদিয়া খান বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভূমিকা জোরদার এবং ওয়ান-স্টপ সার্ভিস আইন বাস্তবায়ন করতে হবে। নির্মাণ অনুমোদন, সরকারি সেবা গ্রহণ ও ব্যবসা পরিচালনার জটিলতা কমানো জরুরি।

তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক, পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ ও শিল্পায়নের নতুন সম্ভাবনা নিয়ে আইবিএফবি বিভিন্ন আলোচনা ও গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। সংগঠনটির একজন সদস্য ইতিমধ্যে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শুরু করেছেন।

বাংলাদেশি ও মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়াতে আইবিএফবি কাজ করতে পারে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে গিয়ে তিনিও নীতিগত নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। বিনিয়োগ বাড়াতে নীতিমালা সহজ, ন্যায্য ও স্বচ্ছ করতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন