শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬,

৫ অগ্রাহায়ণ ১৪৩৩

শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬,

৫ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৫, ১৯ নভেম্বর ২০২৬

Google News
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এই হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধদের ‘জিয়াউল আহসানের মতো সন্ত্রাসীর আস্তানা বরিশালের মাটিতে থাকবে না’ বলে স্লোগান দিতে শোনা যায়।

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের নেতৃত্বে কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার বিষয়ে রবিউল আল আমিন জানান, বিকেল ৫টা ১০ মিনিটে বৌদ্ধপাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে আগুনের প্রকৃত সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অগ্নিসংযোগের বিষয়টি তখন পর্যন্ত তার জানা ছিল না।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরিচ্যুত ও গ্রেপ্তার হওয়া মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে র‍্যাব ও এনটিএমসিতে দায়িত্ব পালনকালে বিরোধী মত দমনে গুম, খুন, ‘আয়নাঘর’ পরিচালনা এবং অবৈধ আড়িপাতার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একাধিক হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী রয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের