বৃহস্পতিবার,

১৯ নভেম্বর ২০২৬,

৫ অগ্রাহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার,

১৯ নভেম্বর ২০২৬,

৫ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’, নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৫, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৩৬, ১৯ নভেম্বর ২০২৬

Google News
‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’, নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কর্মকাণ্ডের আর সুযোগ দেওয়া হবে না জানিয়ে তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে, আর নয়। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখননকাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না। তারা চায় নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এ জন্য ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

সহিংসতা ও নাশকতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ জনগণ ও দেশের ভবিষ্যৎ নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ যখন উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর অভিযোগ, ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে।’

তারেক রহমানের অভিযোগ, ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দেশের মানুষের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের