শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬,

৬ অগ্রাহায়ণ ১৪৩৩

শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬,

৬ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

বাঙালি নয়, রোহিঙ্গা পরিচয়েই মিয়ানমারে ফিরতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৭, ২০ নভেম্বর ২০২৬

Google News
বাঙালি নয়, রোহিঙ্গা পরিচয়েই মিয়ানমারে ফিরতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের বাঙালি হিসেবে নয়, বরং রোহিঙ্গা পরিচয়েই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজির রায় মিয়ানমারকে অবশ্যই মেনে চলতে হবে। রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেয়ার দায়িত্বও মিয়ানমারের।

তিনি বলেন, আইসিজির রায় চূড়ান্ত। এর বাস্তবায়ন করতে হবে মিয়ানমারকে। আন্তর্জাতিক দায়িত্ব পালনে দেশটি ব্যর্থ হলে এর পরিণতি ভোগ করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকটের বিষয়টি এরইমধ্যে ১৯০টি দেশের কাছে তুলে ধরেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।

তিনি উল্লেখ করেন, ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে এবং গ্রামগুলো ধ্বংস করেছে বলে আদালত প্রমাণ পেয়েছেন। একই সঙ্গে আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। 

এই ঐতিহাসিক অর্জনে আইনি লড়াই চালানো গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং আশ্রয়দাতা বাংলাদেশ সরকার, জনগণ ও উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি সাহসিকতার সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন। 

রায়কে বাস্তবে রূপ দিতে এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ড. খলিলুর রহমান চার দফা সুস্পষ্ট আহ্বান জানান: 

১. জবাবদিহি ও বিচার নিশ্চিত করা: গণহত্যা সনদের অধীনে অপরাধে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে এমন অপরাধ আর না ঘটার নিশ্চয়তা দিতে হবে। 

২. নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন: বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া, পরিবারগুলোকে একত্রিত করা এবং নাগরিকত্বের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘকে মিয়ানমারে কাজের সুযোগ দিতে হবে। 

৩. বাস্তবসম্মত ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা বৃদ্ধি: অপূরণীয় ক্ষতির জন্য ব্যক্তি ও সম্প্রদায় হিসেবে রোহিঙ্গাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে মিয়ানমারকে প্রতিবেদন জমা দিতে হবে। নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত ক্যাম্পগুলোতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের অর্থায়ন আরও বাড়াতে হবে, কারণ বাংলাদেশের একার পক্ষে এই ভার বহন করা সম্ভব নয়। 

৪. রায় বাস্তবায়ন ও পুনরাবৃত্তি রোধ: আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা ভয়হীনভাবে বসবাস করতে পারে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী এই রায় মানা বাধ্যতামূলক; ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে বলে তিনি স্মরণ করিয়ে দেন। 

বক্তব্যের শেষে ১৯৪৮ সালের গণহত্যা সনদের কথা উল্লেখ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, গতকাল সেই সনদ এমন এক জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই। সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র হলো ‘আস্থা পুনরুদ্ধার’। গতকালের রায়ের মাধ্যমে বিশ্ব তোমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় একটি বড় পদক্ষেপ নিয়েছে। এখন পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তোমাদের নিরাপদে ঘরে ফেরা পর্যন্ত আমাদের একসঙ্গে পথ চলতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের