শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

উন্নয়নের সাফল্য ম্লান, অর্থনৈতিক সংকটে বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৪, ২১ নভেম্বর ২০২৬

Google News
উন্নয়নের সাফল্য ম্লান, অর্থনৈতিক সংকটে বাংলাদেশ

১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ। জনসংখ্যার দিক থেকে ইউরোপের যেকোনো দেশের চেয়ে বড়। ২৪ নভেম্বর দেশটির কোটি কোটি মানুষের জন্য একটি নতুন মর্যাদা অর্জনের দিন হওয়ার কথা ছিল। স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশের পরিচয়ের অবসান ঘটার কথা ছিল ওই দিন। জাতিসংঘের এই শ্রেণিবিন্যাসের আওতায় থাকা দরিদ্র দেশগুলো স্বল্প সুদে উন্নয়ন ঋণ এবং উন্নত দেশগুলোর বাজারে কম শুল্কে পণ্য রপ্তানির সুযোগ পায়।

এলডিসি থেকে উত্তরণের এই অর্জন উদযাপনের প্রস্তুতিও ছিল বাংলাদেশের। যদিও এর ফলে তৈরি পোশাক রপ্তানিকারকদের জন্য কিছু প্রতিযোগিতামূলক সুবিধা হারানোর আশঙ্কা ছিল, তবু বৈশ্বিক উন্নয়নের সূচকে এক ধাপ এগিয়ে যাওয়া এমন একটি দেশের জন্য ছিল গর্বের বিষয়, যে দেশের অর্জনের তালিকা দীর্ঘ।

১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম। স্বাধীনতার সময় দেশটি ছিল বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ। এরপর থেকে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে চার গুণ। উল্লেখযোগ্য হারে কমেছে শিশুমৃত্যুর হার। প্রায় সব শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত হয়েছে। একই সঙ্গে চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।

কিন্তু সেই উদযাপনের আয়োজন পিছিয়ে গেছে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করলেও জাতিসংঘের কাছে তিন বছর সময় বাড়ানোর আবেদন জানায়। গত মাসে সেই আবেদন মঞ্জুর হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এই অতিরিক্ত সময় বাংলাদেশের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক দশকের ধারাবাহিক অগ্রগতির পর দেশটি আবারও অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে।

এই সংকটের পেছনে আংশিকভাবে দায়ী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের মুখে তাঁর সরকারের পতন ঘটে। ওই আন্দোলনকে অনেকেই ‘জেন-জি বিপ্লব’ হিসেবে অভিহিত করেন। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গণ-অভ্যুত্থানের আগে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা দেশের ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। এর ফলে ব্যাংকগুলোর ঋণ পোর্টফোলিওর প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদে পরিণত হয়েছে।

২০২৪ সালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে কর্মকর্তাদের দাবি, দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাকশিল্পে ধর্মঘট এবং পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডের পেছনে তাঁর দল আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। দলটির কাছে অবৈধভাবে অর্জিত অর্থের বড় মজুত রয়েছে এবং সড়কে সহিংসতা চালানোর মতো কর্মীও রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। শেখ হাসিনা নির্বাসন থেকে দেশে ফিরলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের ঘটনায় তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় হলেও ডিসেম্বরে দেশে ফেরার অঙ্গীকার করেছেন তিনি।

তবে বাংলাদেশের সব সমস্যার জন্য শেখ হাসিনাকে দায়ী করা যায় না। কিছু সংকটের উৎস দেশের বাইরেও। ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় চলতি বছর অনেক কারখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবি জানান। অথচ উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানার মালিকদের পক্ষে বাড়তি মজুরি দেওয়া তখন আরও কঠিন হয়ে পড়ে। এর ফলে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ধর্মঘটের পরিস্থিতি তৈরি হয়।

এদিকে নতুন সরকার মূল্যস্ফীতি ও দুর্নীতি মোকাবিলায় প্রত্যাশিত গতিতে এগোতে পারছে না। বিক্ষোভকারীদের সঙ্গে আচরণের ক্ষেত্রেও সরকার যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারেনি। ফলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের