দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রমের পর ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বর্তমানে ভারতের উড়িষ্যা অঞ্চলে অবস্থান করা সিস্টেমটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছাতে পারে। এর প্রভাবে আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছাতে পারে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী বিভাগসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি আরও জানায়, সিস্টেমটি দুর্বল হয়ে লঘুচাপ অথবা ঘূর্ণাবর্ত হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সৃষ্ট বৃষ্টিবলয় আগামী ২৩ নভেম্বর নাগাদ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ওই দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টিবলয়ের অবশিষ্ট প্রভাব কেটে গিয়ে আগামী ২৪ নভেম্বর নাগাদ প্রায় সারা দেশ থেকেই বৃষ্টি বিদায় নিতে পারে বলে আশা করছে সংস্থাটি।
রেডিওটুডে নিউজ/আনাম

