রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—এমন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর মহাকাশে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ন্যাটো। জোটটির মহাসচিব মার্ক রুটে বলেছেন, ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় তারা প্রস্তুত। এর মধ্যে মহাকাশের নিরাপত্তাও অন্তর্ভুক্ত।
বুধবার (২৫ নভেম্বর) বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।
জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। এ বিষয়ে চলতি মাসে ন্যাটোর সদস্যদেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় হয়েছে। তবে এসব তথ্য কোন দেশের গোয়েন্দা সংস্থা সংগ্রহ করেছে, তা স্পষ্ট নয়।
মার্ক রুটে বলেন, সামরিক ক্ষেত্রে ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষাব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হবে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী এসব ব্যবস্থা হালনাগাদও করা হবে।
জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জুডডয়েচে সাইটুংয়ের প্রতিবেদনে সম্ভাব্য রুশ স্যাটেলাইটটির নাম বলা হয়েছে ‘স্পুটনিক-এস’। এতে পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। এটি সামরিক যোগাযোগ ও নজরদারির কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্যাটেলাইটসহ অন্য মহাকাশযান অকার্যকর বা ধ্বংস করতে সক্ষম বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এসব পরিকল্পনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে তিনি বলেন, প্রতিবেদনগুলো থেকে বোঝা যায়, রাশিয়া উত্তেজনা কতটা বাড়াতে প্রস্তুত।
অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিনি এ বিষয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনগুলো দেখেননি। তবে অজ্ঞাত সূত্রের বরাতে প্রকাশিত অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তিনি। বার্লিনে রাশিয়ার দূতাবাসও অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
১৯৬৭ সালের মহাকাশ চুক্তি অনুযায়ী, কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ। রাশিয়াও এ চুক্তির স্বাক্ষরকারী দেশ। তবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, রাশিয়া পারমাণবিক ওয়ারহেডযুক্ত মহাকাশভিত্তিক স্যাটেলাইটবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। সে সময় মস্কো অভিযোগ অস্বীকার করে।
এদিকে ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রধান ইয়োসেফ আশবাখার মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাবনাকে ‘চূড়ান্ত দুঃস্বপ্নের পরিস্থিতি’ বলে অভিহিত করেছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

