সোমবার,

২৩ নভেম্বর ২০২৬,

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

সোমবার,

২৩ নভেম্বর ২০২৬,

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

নেপালকে ২৪ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ২৩ নভেম্বর ২০২৬

Google News
নেপালকে ২৪ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য ২৪ হাজার কোটি নেপালি রুপির অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। একই সঙ্গে দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, নগর উন্নয়ন ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন।

বৈঠকে মোদি বলেন, নেপালের পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, জনপদ পুনর্গঠন এবং ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষের সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে।

নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে মোদি বলেন, কঠিন সময়ে ভারত ও নেপাল সব সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জ অনেকটাই অভিন্ন।

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফরকে স্বাগত জানিয়ে তার নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন মোদি। তিনি বলেন, এ বছর নেপালের জনগণ শাহকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন।

মোদি আরও বলেন, ভারত ও নেপাল শুধু প্রতিবেশী নয়, বরং গভীর আস্থা, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ।

বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুই দিনের সফরে উষ্ণ আতিথেয়তার জন্য মোদিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তাকে নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি। শাহ বলেন, ভারত ও নেপালের সম্পর্ক হিমালয়ের মতো দৃঢ় এবং মহাসাগরের মতো বিস্তৃত। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা উল্লেখ করে মোদি বলেন, জ্বালানি সরবরাহে সংকট থাকা সত্ত্বেও নেপালে জ্বালানি, সার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রেখেছে ভারত। দীর্ঘদিন ধরেই নেপালে পেট্রোলিয়াম পণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করছে দেশটি।

দুই দেশের মধ্যে স্বাক্ষরিত আটটি সমঝোতা স্মারকের আওতায় সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, নগর উন্নয়ন ও ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থায় সহযোগিতা বাড়ানো হবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই দেশের নেতারা।

উল্লেখ্য, গত ২৬ আগস্টের আকস্মিক বন্যায় নেপালে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। এতে ১ হাজার ৫০০ জনের মৃত্যু এবং ৫ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নেপাল ও ভারতের মধ্যে উন্মুক্ত সীমান্ত থাকায় দুই দেশের নাগরিকেরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন। ঐতিহাসিকভাবে নেপালে ভারতের উল্লেখযোগ্য প্রভাব থাকলেও আঞ্চলিক বিরোধ ও নেপালের রাজনীতিতে ভারতের কথিত হস্তক্ষেপ নিয়ে দুই দেশের সম্পর্কে বিভিন্ন সময়ে টানাপোড়েন দেখা দিয়েছে।

অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে নেপালে চীনের প্রভাব বেড়েছে। দেশটি নেপালের বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে। তবে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য নেপাল এখনো ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল। বর্তমানে ভারত নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে।

সূত্র: রয়টার্স

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের