জোট সরকার গঠনে আলোচনার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন গাদি আইজেনকোট। তিনি ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে রোববার থেকে জোট গঠনের আলোচনা শুরু হওয়ার কথা।
সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আগামী মাস পর্যন্ত সময় আছে। শনিবার তাঁর দল ইয়াশার পার্টি জানায়, যতটা সম্ভব বিস্তৃত সরকার গঠনের অঙ্গীকার নিয়ে রোববার থেকে আলোচনা শুরু হবে।
অতি-রক্ষণশীল ইহুদি নাকি আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করা হবে তা নিয়ে আইজেনকোট শিবিরে মতভেদ আছে। এমন সময় নেতানিয়াহুর দলকে আমন্ত্রণ জানানোর খবর সামনে এলো। তবে নেতানিয়াহু শিবিরের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে কি না, সেটি নিয়েও মতভেদ আছে।
সরকার গঠনে সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখতে আইজেনকোট তাঁর পার্টির আলোচক দলকে নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে লিকুদ পার্টিকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়।
আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ ব্লকের’ গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ‘জায়নবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। শনিবার তিনি বলেন, তাঁর দল নেতানিয়াহু বা লিকুদ পার্টির নেতৃত্বাধীন শিবিরের সঙ্গে জোটে যাবে না।
অপরদিকে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর মতে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সরকার প্রয়োজন। ইয়াশারের কাছে থেকে আমন্ত্রণ পাওয়ার পর লিকুদ পার্টি নিজেদের অবস্থান তুলে ধরে। এতে ব্যক্তিগত আক্রমণ ও উসকানি বন্ধের পাশাপাশি নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে বয়কটের আহ্বান প্রত্যাহারের দাবি জানানো হয়।
আইজেনকোট ইঙ্গিত দিয়েছেন, তিনি লিকুদ পার্টির সদস্যদের নিয়ে সরকার গঠনে আগ্রহী। তবে ওই সরকারে নেতানিয়াহু নেতৃত্ব দিতে পারবেন না। বিপরীতে লিকুদ পার্টি একটি যৌথ ঘোষণার আহ্বান জানিয়েছে। এতে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বে সমর্থনকারী সব দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের অঙ্গীকার থাকবে। আরব দলগুলো সেখানে যোগ দিতে পারবে না।
রেডিওটুডে নিউজ/আনাম

