যুক্তরাষ্ট্রে উচ্চৈঃশব্দে গান বাজানো নিয়ে বিরোধের জেরে ১০ বছরের এক শিশুর গুলিতে ১৬ বছর বয়সী প্রতিবেশী এক কিশোরী নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কি শহরে গত ৩১ অক্টোবর হ্যালোইন উৎসবের রাতে ঘটনাটি ঘটে। সম্প্রতি পুলিশ বাড়ির নিরাপত্তা ক্যামেরার ভিডিও প্রকাশ করলে ঘটনার বিস্তারিত সামনে আসে।
নিহত কিশোরীর নাম কেইনারলেইন প্লাজা র্যাঙ্গেল। হ্যালোইন উদ্যাপনের সময় অতিরিক্ত শব্দের অভিযোগ করেন প্রতিবেশী এলাইনা গোমেজ-ভিয়েদা (৪০)। এরপর র্যাঙ্গেল তার বাড়িতে গেলে বাগ্বিতণ্ডা শুরু হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিরোধের একপর্যায়ে দুই নারী পরস্পরকে ঘুষি মারছেন এবং চুল ধরে টানাটানি করছেন। এ সময় গোমেজ-ভিয়েদা তার ১০ বছরের ছেলেকে ঘর থেকে পিস্তল আনতে বলেন। শিশুটি ঘরে গিয়ে অস্ত্র নিয়ে ফিরে আসে এবং ঝগড়ায় জড়িত নারীদের দিকে তাক করে। এ সময় গোমেজ-ভিয়েদাকে গুলি চালানোর বিষয়ে সতর্ক করতে শোনা যায়। এরপর শিশুটি দুটি গুলি ছোড়ে। এতে র্যাঙ্গেল নিহত হয়।
ঘটনাটি নিজের বাড়ি থেকে দেখে ক্ষুব্ধ হয়ে প্রতিবেশীর বাড়িতে ছুটে যান নিহত কিশোরীর বাবা কেইনার প্লাজা। তিনি বাড়িতে ঢোকার চেষ্টা করলে গোমেজ-ভিয়েদা নিজেই পিস্তল নিয়ে তার দিকে গুলি চালান। পরে গোমেজ-ভিয়েদা পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ র্যাঙ্গেলকে মেঝেতে পড়ে থাকতে এবং গোমেজ-ভিয়েদার হাতে অস্ত্র দেখতে পায়। এক পুলিশ কর্মকর্তা গোমেজ-ভিয়েদার দিকে দুটি গুলি ছুড়লেও সেগুলো বাড়ির বাইরের দেয়ালে লাগে।
এ ঘটনায় গোমেজ-ভিয়েদার বিরুদ্ধে প্রথমে প্রথম মাত্রার হত্যার অভিযোগ আনা হয়। পরে গ্র্যান্ড জুরি অভিযোগটি দ্বিতীয় মাত্রায় নামিয়ে আনে। তবে শিশুটির বিরুদ্ধে এখনো কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।
আলবুকার্কি পুলিশের প্রধান সিসিলি বার্কার জানিয়েছেন, শিশুটির বয়স সংশোধনাগারে পাঠানোর উপযুক্ত নয়। তার বয়স ১২ বছর হলে বিষয়টি পুনর্বিবেচনার জন্য কিশোর অপরাধবিষয়ক কৌঁসুলিদের সঙ্গে কাজ চালিয়ে যাবে পুলিশ।
রেডিওটুডে নিউজ/আনাম

