প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, মিলাদ, কোরআন খতম এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে এসব আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এদিকে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মগবাজারের জামিয়া ইসলামীয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার কামনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
রাজধানীর বাইরেও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জন্মদিন উপলক্ষ্যে কর্মসূচি পালিত হয়েছে। বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেন।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শাহ আমানত মাজারসংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে এতিম শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ শেষে ভারপ্রাপ্ত ইমাম মাওলানা নাসির উদ্দিনের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের উদ্যোগে দোয়া মাহফিলের পাশাপাশি দুস্থ মানুষের মধ্যে খাবার ও পশু বিতরণ করা হয়।
এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাষ্ট্র পরিচালনায় সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তিনি বিএনপির নেতৃত্ব দেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হয়ে ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন।
রেডিওটুডে নিউজ/আনাম

