বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প উন্নয়ন, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং মেধা ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ১৯টি প্রধান অগ্রাধিকারমূলক নির্দেশিকা প্রকাশ করেছে চীন। সম্প্রতি দেশের ‘ভবিষ্যৎমুখী স্মার্ট উৎপাদন ব্যবস্থা’ ত্বরান্বিত করার লক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ যৌথভাবে এই রূপরেখা প্রকাশ করে।
১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে উচ্চপ্রযুক্তি, উচ্চ দক্ষতা ও উচ্চমানের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রকাশিত এই নীতিমালায় মূলত চারটি মূলনীতির ওপর জোর দেওয়া হয়েছে—উদ্ভাবন-চালিত উন্নয়ন, মূল চালিকাশক্তি হিসেবে সংস্কার, স্থানীয় বাস্তবতার সঙ্গে অভিযোজন এবং পুরোনোকে ছেঁটে ফেলার আগে নতুনকে মজবুতভাবে প্রতিষ্ঠা করা।
রূপরেখা অনুযায়ী মৌলিক ও যুগান্তকারী আবিষ্কার জোরদার, মূল প্রযুক্তিতে অগ্রগতি সাধন এবং জাতীয় গবেষণা ও উন্নয়নে কর ছাড়সহ করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি ঐতিহ্যবাহী শিল্প খাতকে অবহেলা না করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেগুলোকে আরও আধুনিক করার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশজুড়ে শিল্পভিত্তিক এআই অ্যাপ্লিকেশনের জন্য জাতীয় স্তরের পাইলট ও টেস্টিং সেন্টার গড়ে তোলা হবে, যা এআই প্রযুক্তির ব্যবহারিক খরচ কমিয়ে বড় আকারের শিল্পে এর প্রয়োগ দ্রুত নিশ্চিত করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

