ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বেলো হরিজন্তে বৃহস্পতিবার একটি চারতলা বৃদ্ধাশ্রম ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। আরো চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ।
মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানায়, ভোরের দিকে চারতলা ওই ভবনটি ধসে পড়ে। এ সময় ভবনটিতে মোট ২৯ জন মানুষ ছিলেন।
ভবনটিতে বৃদ্ধাশ্রমের পাশাপাশি আবাসিক অ্যাপার্টমেন্ট এবং একটি কসমেটিক ক্লিনিকও ছিল।
দমকলকর্মীরা উদ্ধারকারী কুকুরের সাহায্যে ধ্বংসস্তূপে অভিযান পরিচালনা করছেন। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভাঙা দেয়াল, লোহার বিম ও মাটির স্তূপ সরিয়ে তাদের খোঁজ চলছে।
দমকলকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। এ ছাড়া আরো ৯ জন নিজ উদ্যোগে বা প্রতিবেশীদের সহায়তায় ভবন থেকে বেরিয়ে আসতে পেরেছেন।
ফায়ার সার্ভিসের মুখপাত্র হেনরিক বারসেলোস সাংবাদিকদের জানান, ভবনটি সমস্ত প্রয়োজনীয় অনুমোদনপত্রসহ নির্মিত হয়েছে। তবে ধসের কারণ এখনো তদন্তাধীন।
রেডিওটুডে নিউজ/আনাম

