চীনের একদল গবেষক এমন একটি উন্নত নমনীয় থার্মোইলেকট্রিক পলিমার উপাদান তৈরি করেছেন, যা পরিধানযোগ্য ইলেকট্রনিক ডিভাইস, শীতলীকরণ প্রযুক্তি এবং ইন্টারনেট অব থিংস সেন্সরে খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দরজা। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্সে প্রকাশিত হয়েছে এ গবেষণার বিস্তারিত।
থার্মোইলেকট্রিক প্রযুক্তির বিশেষত্ব হলো, এটি তাপকে বিদ্যুতে এবং বিদ্যুৎকে তাপে রূপান্তর করতে পারে। এতে কোনো জ্বালানি লাগে না এবং পরিবেশ দূষণও হয় না। গবেষকদের তথ্য অনুযায়ী, বিশ্বে উৎপাদিত মোট শক্তির ৬০ শতাংশের বেশি তাপ হিসেবে নষ্ট হয়ে যায়। এই অপচয় হওয়া তাপ যদি কাজে লাগানো যায়, তাহলে শক্তি সাশ্রয় এবং কার্বন নিঃসরণ কমানো সম্ভব।
বর্তমানে এই ধরনের উপাদান সাধারণত দুই ধরনের। এক ধরনের অজৈব নমনীয় উপাদান, যার কর্মক্ষমতার মান প্রায় ১ দশমিক ৪। অন্যটি জৈব উপাদান, যার মান প্রায় ১ দশমিক ২ পর্যন্ত পৌঁছায়। তবে এসব উপাদান তৈরির প্রক্রিয়া বেশ জটিল হওয়ায় এগুলোর ব্যবহার এখনও সীমিত।
চীনা বিজ্ঞান একাডেমির রসায়ন বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক চু তাওবেন ও অধ্যাপক তি ছংআনের নেতৃত্বে গবেষক দল নতুন একটি উপাদান তৈরি করেছেন, যার নাম আইএইচপি-টিইপি। এটি ৩৪৩ কেলভিন তাপমাত্রায় ১ দশমিক ৬৪ সূচক অর্জন করেছে, যা এই ধরনের নমনীয় উপাদানে নতুন রেকর্ড।
নতুন উপাদানের বিশেষ কাঠামো তাপের অপচয় কমায় এবং বিদ্যুৎ পরিবহনকে আরও কার্যকর করে। এ ছাড়া এটি স্প্রে-কোটিং প্রযুক্তিতে সহজে তৈরি করা যায়, অর্থাৎ সংবাদপত্র ছাপার বড় আকারে কম খরচে এর উৎপাদন সম্ভব।
উপাদানটির আরেকটি বড় সুবিধা হলো এর উচ্চ নমনীয়তা। এটি সহজেই বাঁকানো বা অসমতল পৃষ্ঠে লাগানো যায়। এতে স্মার্ট পোশাক, পরিধানযোগ্য ডিভাইস এবং বিভিন্ন সেন্সর প্রযুক্তিতে এর ব্যবহার বাড়তে পারে।
গবেষকদের মতে, যেখানে তাপমাত্রার পার্থক্য থাকবে—যেমন মানুষের শরীর, ভবনের বাইরের অংশ বা খোলা পরিবেশ—সেখান থেকেই এই উপাদান ছোট সেন্সর ও ডিভাইসের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।
রেডিওটুডে নিউজ/আনাম

