ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ ষষ্ঠ দিনে গড়েছে। দেশ দুইটির অতর্কিত হামলার জেরে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ছুড়ছে তেহরান। তবে এর মধ্যে বিস্ফোরক দাবি করেছে পশ্চিমা গোয়েন্দারা।
বুধবার (৪ মার্চ) কয়েকজন পশ্চিমা গোয়েন্দা দাবি করেছেন যে ইরান বর্তমানে যে হারে মিসাইল ছুড়ছে এটি অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে তাদের মিসাইল শেষ হয়ে যাবে।
সিনিয়র একজন গোয়েন্দা কর্মকর্তা বার্তাসংস্থা এপি'কে বলেছেন, বেশ সফলভাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের মিসাইল লঞ্চারে হামলা চালাচ্ছে। এ কারণে ইরানের মিসাইল ছোড়ার পরিমাণও কমে গেছে। তবে ইরান হয়ত তার কিছু মিসাইল জমিয়ে রাখছে বলে দাবি করেছেন এই কর্মকর্তা।
আরেক কর্মকর্তা জানান, ইরানের মিসাইল ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিরক্ষা মিসাইলও শেষ হয়ে যাচ্ছে। এ কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রতিরক্ষা মিসাইল ব্যবহারেও এখন থেকে সতর্ক হতে হবে।
এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করছে। ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা, রকেট লঞ্চার ও সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে এসব হামলা হবে বলে জানানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

