সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুর সঙ্গে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করা ভাইরাল ভিডিওর বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দিনভর আলোচনা-সমালোচনার মুখে অবশেষে বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরে এ ধরনের কাজ আগামীতে না করার অঙ্গিকার ব্যক্ত করেছেন তিনি।
আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি ওই ভিডিওটির বিষয়ে বিস্তারিত লিখেছেন।
হাসনাত লেখেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।’
এনসিপির এই নেতা বলেন, ‘ভিডিওটি নির্বাচনের সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।’
তিনি লেখেন, ‘ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা।’
পোস্টে সবশেষে তিনি লেখেন, ‘আমার কাজের জন্য আমি আবারো দুঃখপ্রকাশ করছি।’
রেডিওটুডে নিউজ/আনাম

