কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
এতে বলা হয়, ইরানের স্থলবাহিনী ‘বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করে কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলা কয়েক ঘণ্টা ধরে চলতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কুয়েতের কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
এই হামলা এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।
কুয়েত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতির একটি কেন্দ্র। চলমান সংঘাতে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। সূত্র: রয়টার্স
রেডিওটুডে নিউজ/আনাম

