ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন যে, ইরানের কাছে তার নিজ দেশের যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান ঘটানো। আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সম্মেলনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের নিউজ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে তিনি বলেন, "আমাদের জন্য লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ এবং আরও গুরুত্বপূর্ণ হলো, লেবাননের যুদ্ধের অবসান ইরানের যুদ্ধের অবসানের মতোই জরুরি।"
গত ১৪ই জুন, ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করা নিয়ে যে সমঝোতায় পৌঁছেছে তাতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইরানের সংসদের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদলের প্রধান তার বক্তৃতার অন্য অংশে বলেছেন, "ইসলামাবাদ চুক্তিটি আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।"
তিনি আরও বলেন যে, “এই যুদ্ধ কোনো সামরিক সংঘাত নয়, বরং অঞ্চলের কৌশলগত ভারসাম্য পরিবর্তন করে একটি স্বাধীন জাতির ওপর নিজেদের ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টা"।
এই ভাষণে মি. গালিবাফ ঘোষণা করেন যে, ইরান পারস্পরিক শ্রদ্ধা এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে সকল ইসলামী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত।
রেডিওটুডে নিউজ/আনাম

