পশ্চিমবঙ্গের সব ধর্মাবলম্বী মানুষদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিবাহ, উত্তরাধিকার, বিবাহ বিচ্ছেদের মতো দেওয়ানি বিষয়গুলিকে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে। সব ধর্মাবলম্বীদের জন্য অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা হলেও এর আওতার বাইরে থাকবেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।
বিজেপির জন্মলগ্ন, এবং তারও আগে জনসংঘের আমল থেকেই সারা দেশে সব ধর্মাবলম্বীদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করার দাবি করা হয়ে আসছে। বিজেপির 'কোর' বা 'মূল' দাবিগুলির অন্যতম এই অভিন্ন দেওয়ানি বিধি।
অন্য যে 'মূল' দাবিগুলি বিজেপির ছিল, তার মধ্যে ছিল ৩৭০ ধারা অনুযায়ী ভারতশাসিত কাশ্মীরের বিশেষ সাংবিধানিক রক্ষাকবচের বিলোপ ঘটানো, তিন তালাক প্রথার বিলোপ এবং অযোধ্যায় রাম মন্দির নির্মান। ইতোমধ্যেই গুজরাত, উত্তরাখণ্ড এবং আসামে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে ওই রাজ্যের বিজেপি সরকারগুলি।
শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভায় জানিয়েছেন যে ওই রাজ্যগুলির মডেল অনুসরণ করেই পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে।
তিনি বলেন, দোসরা জুলাই রাজ্য মন্ত্রিসভায় ওই বিধির খসড়া পেশ করা হবে। বিধি প্রণয়নের সুপারিশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন মি. অধিকারী। কমিটি চার সপ্তাহের সময় পাবে, তারপরে অগাস্ট মাসে এ সংক্রান্ত বিলটি বিধানসভায় পেশ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

