যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লস অ্যাঞ্জেলেস এলাকার মালিকানাধীন একটি গলফ কোর্সের কাছে ঘোরাফেরা করতে দেখা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্পের সেখানে একটি তহবিল সংগ্রহের জন্য নৈশভোজে যোগ দেওয়ার কথা ছিল।
র্যাঞ্চো পালোস ভার্দেস এলাকার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ আটক করা হয় ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েলকে আটক করা হয় বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।
লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগের দাবি, ওই ব্যক্তিকে গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘুরছিল, ছবি ও ভিডিও ধারণ করছিল এবং নিরাপত্তা–পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছিল।
রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে ক্যালিফোর্নিয়া সফরে রয়েছেন। মঙ্গলবার ওই গলফ কোর্সে রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহের নৈশভোজে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
জন টায়েলের বিরুদ্ধে গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়েছে।
শেরিফ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে ছদ্মবেশী ফেডারেল এজেন্টরা সন্দেহজনক ওই ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, কাছাকাছি শহর এল সেগুন্ডোতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায়ও তাকে খুঁজছিল এল সেগুন্ডো পুলিশ বিভাগ। শহরটি র্যাঞ্চো পালোস ভার্দেস থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।
তল্লাশির সময় তার কাছে ১৬ রাউন্ড ধারণক্ষমতার একটি ম্যাগাজিন পাওয়া যায়। গলফ কোর্সে পার্ক করা তার গাড়ি থেকে একটি গুলিভর্তি পিস্তল এবং হলো-পয়েন্ট গুলিভর্তি একটি লোডেড ম্যাগাজিন উদ্ধার করা হয়।
হলো-পয়েন্ট গুলি লক্ষ্যবস্তুতে আঘাত করার পর চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে সর্বোচ্চ ক্ষতি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কঠোর বন্দুক আইন থাকা ক্যালিফোর্নিয়াতে ১০টির বেশি গুলি ধারণ করতে পারে এমন ম্যাগাজিন নিষিদ্ধ করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস এলাকারই আরেকটি শহর ডাউনিতে অবস্থিত সন্দেহভাজনের বাড়িতে সোমবার এফবিআই-এর জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এবং লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের মেজর ক্রাইমস ব্যুরোর এজেন্টরা অভিযান চালায়।
শেরিফ বিভাগ জানিয়েছে, "ঘটনাটিকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে" তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।
তল্লাশির সময় বাড়ি থেকে অবৈধভাবে পরিবর্তিত একটি এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার একাধিক ম্যাগাজিন, পিস্তল ও রাইফেলের বিপুল পরিমাণ গুলি এবং উদ্বেগজনক মন্তব্য লেখা একাধিক নোটবুক উদ্ধার করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

