ঢাকাই সংগীত অঙ্গনের পরিচিত কণ্ঠশিল্পী সালমা সামাজিক মাধ্যমে প্রায়ই ব্যক্তিগত ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করেন। কিন্তু তার আজকের একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে অর্থ, সম্পর্ক ও মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন এই সংগীতশিল্পী।
স্ট্যাটাসে সালমা লিখেছেন, ‘নিজের টাকাপয়সা নিজের কাছে রাখুন। কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না। নিজের স্বার্থ হাসিল হলে আপনাকে চিনবে না—সমাজে এমন মানুষের অভাব নেই। মানুষের জন্য কিছু করলে তার অভাব হয় না, আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেন। মনে রাখতে হবে, বংশ একটা ফ্যাক্ট। কখনো কখনো সম্পর্কে প্রধান হয়ে দাঁড়ায় অর্থ।’
তিনি আরও লেখেন, ‘পৃথিবীর সব মানুষ এক রকম নয়। যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয়। আমার এই ছোট জীবনে অনেক কিছুই শিখলাম।’
নিজের জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন এই শিল্পী। প্রিয় মানুষদের উদ্দেশ করে তিনি লেখেন, ‘তাই প্রিয় মানুষদের বলি, ভেবে করবেন কাজ। কিছু মানুষ জন্ম নেয় অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে। সমাজে ভাব দেখায়, সে বিশাল কিছু অর্জন করেছে। আসলে আসা আর যাওয়ার মাঝেই জীবন, বাকি সব ফাঁকি।’
তবে কাকে উদ্দেশ করে এই স্ট্যাটাস লিখেছেন, তা উল্লেখ করেননি এই গায়িকা। অভিমানভরা এই বার্তায় তিনি জীবনের নানা উপলব্ধির কথা তুলে ধরেছেন। স্ট্যাটাসের শেষাংশে জীবনের ক্ষণস্থায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন সালমা।
তিনি লেখেন, ‘অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। আপন ঠিকানায় সবাইকে ফিরতে হবে। এত অহংকারের কিছুই নেই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে—পর হয়ে গেছি আমি। হায়রে দুনিয়া!’
রেডিওটুডে নিউজ/আনাম

