গত ২৬ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরকোন্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা মান্দানা। বিয়ের রেশ কাটতে না কাটতেই এক নতুন বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।
আট বছর আগের এক ব্যক্তিগত কথোপকথনের অডিও ক্লিপ সমাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন টলিউড থেকে বলিউড দাপিয়ে বেড়ানো রাশমিকা মান্দানা। এমনকি অডিওটি দ্রুত সরিয়ে না ফেললে আইনি ব্যবস্থা নেওয়ারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ভাইরাল হওয়া অডিও ক্লিপটি রাশমিকার মা, সুমন মান্দানার। দাবি করা হচ্ছে, এটি আট বছর আগের একটি সাক্ষাৎকারের অংশ, যা এখন নতুন করে সামনে আনা হয়েছে। ওই অডিওতে সুমন মান্দানা রাশমিকার প্রাক্তন বাগদত্তা রক্ষিত শেঠির সঙ্গে তাঁর মেয়ের বিচ্ছেদের নেপথ্যের কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন।
সুমনের দাবি, রক্ষিত ও তাঁর পরিবার রাশমিকার ওপর শর্ত দিয়েছিলেন যে বিয়ের পর তাঁকে অভিনয় ছেড়ে দিতে হবে এবং সেটি টুইট করে বিশ্বকে জানাতে হবে। রাশমিকা যখন ‘গীতা গোবিন্দম’ ছবির অফার পান, তখন রক্ষিত নাকি তাঁর ওপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করেছিলেন। এমনকি মাঝরাতে রাশমিকাকে হায়দারাবাদ থেকে বেঙ্গালুরু আসার জন্য বাধ্য করা হয়েছিল।
সুমন মান্দানা অভিযোগ করেন, রক্ষিত ও তাঁর মা রাশমিকার মায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন। সুমনের কথায়, আমার ছোট মেয়েটা কী ভুল করেছিল? ভালোই হয়েছে ওদের ব্রেকআপ হয়ে গেছে।
বিয়ের আনন্দ উদযাপন করতে না করতেই এই পুরোনো কাসুন্দি ঘাঁটা নিয়ে নিজের এক্সে হ্যান্ডেলে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন রাশমিকা। তিনি একে ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেন।রাশমিকা লিখেছেন, গত আট বছর ধরে আমি নীরব থেকেছি। আমার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমার নামে মিথ্যে গল্প ছড়ানো হয়েছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে, তা সহ্যের সব সীমা ছাড়িয়ে গেছে। আট বছর আগের এক ব্যক্তিগত কথোপকথন এখন ষড়যন্ত্র করে ভাইরাল করা হয়েছে শুধু ভিউ আর রিচের জন্য।
তিনি আরও যোগ করেন, তাঁর ব্যক্তিগত জীবনের বর্তমান খুশির মুহূর্তকে (বিজয় দেবেরকোন্ডার সঙ্গে বিয়ে) নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই বিতর্ক উসকে দেওয়া হচ্ছে।নিজের পরিবার এবং প্রিয়জনদের এই বিতর্কে টেনে আনায় রাশমিকা এবার মারমুখী মেজাজে। তিনি স্পষ্ট জানিয়েছেন, সব মিডিয়া প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার এবং ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অডিও ক্লিপটি সরিয়ে ফেলতে হবে।
যদি নির্ধারিত সময়ের মধ্যে অডিওটি মুছে ফেলা না হয়, তবে শুক্রবার থেকেই আইনি নোটিশ পাঠানো শুরু করবেন রাশমিকা। ডিজিটাল প্ল্যাটফর্ম বা কোনো ব্যক্তি- কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সোজা জানিয়েছেন।
রাশমিকা ও রক্ষিত শেঠি ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির সেটে প্রেমে পড়েন এবং ২০১৭ সালে বাগদান সারেন। ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘ সময় পর সেই তিক্ত স্মৃতি নতুন করে সামনে আসায় রাশমিকা এখন তাঁর আত্মসম্মান রক্ষায় লড়ছেন। বিয়ের পর যেখানে শুভেচ্ছায় ভেসে যাওয়ার কথা, সেখানে এই ‘অডিও কেলেঙ্কারি’ রাশমিকার আনন্দকে কিছুটা হলেও ফিকে করে দিয়েছে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি
রেডিওটুডে নিউজ/আনাম

