ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।
আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য ডেইলি স্টারে-এ “Govt lifts bar on IPL telecast in Bangladesh” শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত ও প্রচারিত সংবাদটি তথ্য মন্ত্রণালয়ের গোচরীভূত হয়েছে।
প্রকৃত বিষয় ব্যাখ্যা করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে।
এতে আরো বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রকাশিত সংবাদের ভিত্তিতে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার লক্ষ্যে প্রতিবাদলিপিটি জরুরি ভিত্তিতে প্রচারের জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
রেডিওটুডে নিউজ/আনাম

