ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তিনি বলেন, মাদক কারবারের মাধ্যমে যারা হঠাৎ অঢেল সম্পদের মালিক হচ্ছে এবং বড় বড় অট্টালিকা নির্মাণ করছে, তারা মূলত জাতির শত্রু।
আজ (শুক্রবার, ২৬ জুন) ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘মাদকের বিষাক্ত ছোবলে একটি সম্ভাবনাময় জাতির সম্পদের পাশাপাশি পরিবারের প্রত্যাশা এবং মেধাবী জীবনের দীর্ঘদিনের সাধনা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। একটি পরিবার বহু প্রতিকূলতার মধ্য দিয়ে সন্তানকে গড়ে তোলে, কিন্তু মাদকের নেশায় সেই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়। এর ফলে শুধু একজন ব্যক্তি নয়, পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত হয়।’
চীনের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘একসময় দেশটির মানুষ আফিমের নেশায় ব্যাপকভাবে আসক্ত ছিলো। কিন্তু দূরদর্শী নেতৃত্বের আহ্বানে তারা সেই অবস্থা থেকে বেরিয়ে এসে আজ বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে।’
সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সম্প্রতি মন্ত্রিসভায় মাদক কারবারিদের বিরুদ্ধে অন্যান্য দেশের মতো আরো কঠোর আইন প্রয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, রাজশাহীতে মাদকাসক্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র এবং শিশু হাসপাতালসহ অন্যান্য উন্নত চিকিৎসাসেবা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ফয়েজুল কবীর, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন বক্তব্য রাখেন।
রেডিওটুডে নিউজ/আনাম

