আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান শেষে আগামী ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনের উপনির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এমনটা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগামী ২৯ অক্টোবর বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১ এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করবেন।
তিনি আরও বলেন, পরদিন ১৬ সেপ্টেম্বর উত্তোলনকৃত মনোনয়নপত্র জমা নেয়া হবে। এ ছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর দলের জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

