বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক ও সংসদীয় সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের তিন সিনেটর। নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ফ্রান্সের প্রথম উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর হওয়ায় বৈঠকটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
ঢাকার ফ্রান্স দূতাবাস জানিয়েছে, ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন এবং অলিভিয়ে হেনো তিন দিনের সরকারি সফরে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন।
সফরকালে ফরাসি প্রতিনিধিদল বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে। পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করবে।
এ ছাড়া তারা ফ্রান্সের উন্নয়ন সহযোগিতার বিভিন্ন প্রকল্প পরিদর্শন, জাদুঘর ভ্রমণ, ঢাকায় বসবাসরত ফরাসি নাগরিকদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

