শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:২২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Google News
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতের সহযোগিতা আরও সম্প্রসারণে চিকিৎসক প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী বিনিময়, যৌথ গবেষণা এবং উন্নত স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ‘গ্রিন মেডিক্যাল চ্যানেল’ ও চিকিৎসায় ছাড় দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে চীনের হাইনান জেনারেল পিপলস হাসপাতাল।

শুক্রবার (১৮ সেপেম্বর) চীনের হাইনান প্রদেশের হাইকো সিটিতে হাইনান জেনারেল পিপলস হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবায় বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর করতে দুই দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

তিনি চীনের চিকিৎসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ এবং আধুনিক ও মানসম্মত হাসপাতাল নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি যৌথ স্বাস্থ্য প্রকল্পে চীনা বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে হাইনান জেনারেল পিপলস হাসপাতালে বিশেষ চিকিৎসাসুবিধা ও ছাড় দেওয়ার অনুরোধ জানান মন্ত্রী। এর জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ‘গ্রিন মেডিক্যাল চ্যানেল’ চালু এবং চিকিৎসা ব্যয়ে বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে সম্মতি জানায়।

হাসপাতালের প্রেসিডেন্ট ঝাং জুন বাংলাদেশি পক্ষের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জনবল প্রশিক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন, হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যশিল্পের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536