শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬,

২৪ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬,

২৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪২, ৯ অক্টোবর ২০২৬

Google News
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বিদ্যমান ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও যানজট পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়ে বলেন, বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং রাজধানীর গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা কিভাবে দূর করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান অবস্থা ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ঢাকায় গণপরিবহনের বিশৃঙ্খল অবস্থা, যানজটসহ বিদ্যমান সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা এবং সড়কে কার্যকর শৃঙ্খলা ফেরানোই ছিল বৈঠকের মূল লক্ষ্য।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সড়ক  পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আবরার হত্যা মামলার বিচার দ্রুত শেষের আশ্বাস, পরিবারের দাবিতে সেতু নির্মাণের প্রতিশ্রুতি : গতকাল বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন, ছোট ভাই আবরার ফাইয়াজ এবং এক মামা ও এক চাচা। আবরার হত্যা মামলার বিচার দ্রুত শেষ করে রায় কার্যকরে সরকারের সহযোগিতা চান তাঁর বাবা।

প্রধানমন্ত্রী বলেন, মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আদালত স্বাধীনভাবে বিচারিক কার্যক্রম সম্পন্ন করবেন। সরকার পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

আবরারের বাবা কুষ্টিয়ায় গড়াই নদের ওপর সেতু নির্মাণের দাবি জানালে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের আশ্বাস দেন এবং আবরার ফাহাদের নামে সেতুটির নামকরণের প্রতিশ্রুতি দেন। আবরারের কবর পাকাকরণ ও পাশের মসজিদের নির্মাণকাজ শেষ করার বিষয়েও সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রী মসজিদের নির্মাণকাজ অবিলম্বে শেষ করার নির্দেশ দেন।

পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিও জানান আবরারের বাবা। তাঁর ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েট ক্যাম্পাসে প্রধানমন্ত্রীকে যাওয়ার আমন্ত্রণ জানান এবং আবরারের নামে নতুন হল নির্মাণের দাবি করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেন। পাঠ্যবইয়ে আবরার ফাহাদের ঘটনা অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে সাজা দেওয়া হয়।

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর: গতকাল বিকেলে সচিবালয়ে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে অন্তত একটি খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দেন। আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার মাঠ স্থাপনের নির্দেশনাও দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে মাঠ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করার আলোচনা হয়েছে।

দেশের চার হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৭টি জেলায় ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে। প্রতিটি মাঠের আয়তন তিন থেকে আট বিঘা রাখার পরিকল্পনা রয়েছে।

আগামী ৫ নভেম্বর খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ ১০টি ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিদ্যমান উপজেলা স্টেডিয়াম সচল করা, দখল হয়ে যাওয়া মাঠ উদ্ধার এবং বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536