জাতীয় সংসদে মতপার্থক্য ও রাজনৈতিক বিতর্ক থাকলেও দেশের স্বার্থের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব।’ তিনি আরও বলেন, রাজনীতি স্থির নয়; সময়ের চাহিদা অনুযায়ী ইশতেহার, গঠনতন্ত্র ও কর্মসূচি পরিবর্তন করতে হয়। এনসিপি ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এনসিপি একটি তারুণ্যনির্ভর ও প্রগতিশীল রাজনৈতিক দল। জনগণ তাদের গ্রহণ করেছে এবং ভবিষ্যতে সংসদে আরও বেশি প্রতিনিধিত্ব পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

