বাংলাদেশের সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক দুইজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। “ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় পাল্টে দেওয়ার অভিযোগের তদন্তের জন্য সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি” লেখা দেখা যায় জামায়াতের বিক্ষোভের ব্যানারে, যা দলটির ভেরিফাইড ফেসবুক ও ইউটিউব পেজে শেয়ার করা হয়েছে।
শুক্রবারের জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বিক্ষোভ সমাবেশ থেকে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের ভোট গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি স্তরে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে” বলে অভিযোগ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্য ঘিরে বিভিন্ন অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।
দলটি ওই সাবেক উপদেষ্টার ভুল স্বীকার করার দাবিও জানিয়েছে।
এছাড়া বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের বিরুদ্ধে ‘লন্ডন মেকানিজম’-এর অভিযোগ তুলেছে জামায়াত।
প্রসঙ্গত, গত বছরের জুন মাসে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তখন সেখানে অবস্থান করা বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন।
সেই লন্ডন বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। আর ওই বৈঠক থেকেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা এসেছিল।
সে অনুযায়ী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

