২০২৫-২৬ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘মায়ের ডাক’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন লাবিব নাজমুছ ছাকিব। শুরুতে সিনেমাটি নিয়ে তিনি জানান, গুম হওয়া ব্যক্তির পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এ চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে।
প্রধান অতিথি বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি ‘মায়ের ডাক’-এর অনুষ্ঠানে এসে আবেগ ধরে রাখতে পারিনি। যে বিষয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে এটা ভালো দিক। আমরা চাই, এর মাধ্যমে গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের নারীদের সংগ্রাম, সংকটসহ সত্যিকার ইতিহাসটা উঠে আসুক।”
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমি নিজেও গুম ছিলাম। তথ্য মন্ত্রণালয় গুম নিয়ে চলচ্চিত্র অনুদান করছে বিষয়টি ভালো লেগেছে। আশা করি এই সিনেমায় মাধ্যমে সেই সময়ের ইতিহাসটা মানুষ আরও ভালোভাবে জানতে পারবেন।’
‘মায়ের ডাক’-এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, আনিসুর রহমান খোকন এমপি, হুম্মাম কাদের চৌধুরী এমপি, আনিসুর রহমান খোকন তালুকদার এমপি, তথ্য সচিব মাহাবুবা ফারজানা এবং আলোকচিত্রী-মানবাধিকারকর্মী শহিদুল আলম।
এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরপ্রধানগণ এবং গুম হওয়া পরিবারের সদস্যগণসহ বিভিন্ন পেশাজীবী ও চলচ্চিত্র ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

