মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থানসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুর তথ্য ইরানকে সরবরাহ করছে রাশিয়া। শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত তিনজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরানকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে গোয়েন্দা সহায়তা দিচ্ছে ক্রেমলিন। তবে তেহরানকে মস্কো ঠিক কী পরিমাণ বা কতোটুকু সহায়তা করছে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর দেশটির সামরিক সক্ষমতা অনেকটাই ধাক্কা খেয়েছে। বিশেষ করে মার্কিন বাহিনীকে শনাক্ত করার নিজস্ব প্রযুক্তিগত ক্ষমতা হ্রাস পাওয়ায় এখন রাশিয়ার গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে ইরানকে।
এদিকে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরানের বর্তমান নাজুক পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন।
আনা কেলি বলেন, ইরানি সরকার বর্তমানে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা দিন দিন কমছে, নৌবাহিনী প্রায় নিশ্চিহ্ন এবং উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের প্রক্সিরাও এখন সেভাবে লড়াই করতে পারছে না।
অন্যদিকে শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে ইরানি নেতৃত্বের সংলাপ চলছে। তবে তেহরানকে কোনো ধরনের সামরিক বা গোয়েন্দা সহায়তা দেওয়া হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মস্কো।
এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

