একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানায়। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
স্বর্ণালঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।
এর আগে, গত ২৭ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৭০ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

