পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তিপ্রাপ্তদের মধ্যে একজনের দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ জনের এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) ছাত্রত্ব স্থগিত করা হয়েছে।
এ ছাড়া ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হাসনাত কবির ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই অভিযোগে আরো কয়েকজন শিক্ষার্থীকে সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘পরীক্ষায় নকলের দায়ে ৬০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এটি মূলত একটি সেশনের যেসব কোর্সে এমন অভিযোগ রয়েছে, সেসব কোর্সের ফলাফল বাতিল করা হয়েছে।
পাশাপাশি এমন অভিযোগের দায়ে অনেককে সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়েছে। এই শাস্তিমূলক ব্যবস্থা দীর্ঘদিন বন্ধ ছিল, আমরা এখন আবার সেটি চালু করেছি।’
রেডিওটুডে নিউজ/আনাম

