সোমবার,

১৬ নভেম্বর ২০২৬,

২ অগ্রাহায়ণ ১৪৩৩

সোমবার,

১৬ নভেম্বর ২০২৬,

২ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫২, ১৬ নভেম্বর ২০২৬

Google News
৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?

মিয়াদ হোসাইন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে ভর্তি হয়েছিলেন। তার প্রধান বিষয় ছিল চায়না বা মান্দারিন ভাষা। দ্বিতীয় বর্ষে ওঠার পর তিনি বাংলাদেশের একটি চীনা প্রতিষ্ঠানে দোভাষী হিসেবে পার্ট টাইম বা খন্ডকালীন চাকরি শুরু করেন।

দ্বিতীয় বর্ষে পড়াশোনা অবস্থাতেই তিনি সেই চাকরি থেকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা উপার্জন করতে শুরু করেন।

মি. হোসাইন বলছিলেন, শুরুর দিকে ছোট্ট বাচ্চার মতো এক দুই লাইন করে চায়নিজ ভাষা বলতে পারতাম। তারপর যখন দোভাষী হিসেবে কাজ শুরু করলাম, তখন দক্ষতা বাড়তে শুরু করল। এরপর আস্তে আস্তে যখন এই ভাষায় আরো বেশি দক্ষতা অর্জন করতে শুরু করলাম, তখন আমার বেতন আরো বাড়তে শুরু করল।

খন্ডকালীন চাকরির পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইন্সটিটিউট থেকেই অনার্স ও মাস্টার্স পাশ করেন। এর পর তিনি বিভিন্ন চায়নিজ প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করেন।

বর্তমানে মি. হোসাইন চীন থেকে বাংলাদেশে মোবাইল যন্ত্রপাতি আমদানি করছেন। চায়নিজ ব্যবসায়ীদের সাথে যৌথভাবে এই ব্যবসা শুরু করেছিলেন শুধুমাত্র বাংলাদেশে ব্যবসায়ী পার্টনার হিসেবে।

যে কারণে তার নিজের কোনো বিনিয়োগ করতে হয়নি বলেও জানান তিনি।

আমি শূন্য হাতে ব্যবসা শুরু করেছিলাম। শুধুমাত্র চীনা ভাষায় দক্ষতা অর্জন করেছি বলেই আমি এই সাপোর্টটা নিতে পেরেছি তাদের কাছ থেকে। এখন আমার কোটি কোটি টাকার বিজনেস চলছে।

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা ইন্সটিটিউট রয়েছে। যেখানে ইংরেজি, চায়নিজ, জাপানিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখানো হয়।

বিদেশে উচ্চতর ডিগ্রি নেয়া কিংবা চাকরির ক্ষেত্রে নিজের দক্ষতা বাড়াতে নতুন ভাষা শেখাটাকেও অনেকে গুরুত্ব দিয়ে থাকেন। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই বাংলা ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব দিচ্ছেন।

বর্তমান বিএনপি সরকারও দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলা ও ইংরেজির বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে।

এর অংশ হিসেবে সরকার নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পর প্রাথমিকেও তৃতীয় একটি ভাষা শিক্ষার বিষয়টি পাঠ্যক্রমে যুক্ত করা হবে। প্রাথমিকের শুরুটা হবে ক্লাস ফোর এবং ফাইভ থেকে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানিয়েছেন, এ বছরের ডিসেম্বরের মাঝামাঝি সরকারি- বেসরকারি মিলিয়ে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তৃতীয় ভাষায় গুরুত্ব যে কারণে

বাংলাদেশে মাতৃভাষা হিসেবে বাংলা এবং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি বাধ্যতামূলকভাবে পড়ানো হয় প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে।

একসময়ে শুধুমাত্র বিদেশে পড়াশোনা ও উচ্চ শিক্ষার জন্য তৃতীয় ভাষার বিষয়টি সীমাবদ্ধ ছিল বাংলাদেশের তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে।

কিন্ত গত দেড় দশক ধরে সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় চীনা, কোরীয়, জাপানি, আরবি কিংবা অন্যান্য ভাষা শেখানো হচ্ছে বিদেশে কর্মসংস্থানের জন্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের অধ্যাপক মো. আফজাল হোসেন বলছিলেন, বর্তমানে ইংরেজির বাইরেও অন্যান্য বিদেশি ভাষা দেশে এবং দেশের বাইরের ব্যাপকভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। যে কারণে ইংরেজির বাইরেও অন্যান্য ভাষা শিক্ষায় তরুণদের বেশ আগ্রহী দেখা যাচ্ছে।

এখন জাপানি, কোরীয়, চীনা, জার্মান কিংবা আরবি ভাষা শিখছেন এমন অনেক তরুণ, যাঁদের লক্ষ্য বিদেশে চাকরি পাওয়া। আবার কেউ কেউ বাংলাদেশে থেকেই বহুজাতিক প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগকারী কোম্পানি, পর্যটন, অনুবাদ, শিক্ষা কিংবা আন্তর্জাতিক বাণিজ্য খাতে কাজের সুযোগ খুঁজছেন।

বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণ নিয়ে অনেকেই বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাতেন।

বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশের শ্রমবাজারে কর্মীর চাহিদা থাকলেও ভাষাগত দক্ষতার অভাবে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন বাংলাদেশের কর্মীরা। ফলে বিদেশি ভাষা শেখাকে এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবেও দেখা হচ্ছে।

অধ্যাপক মো. আফজাল হোসেন বলছিলেন, বাংলা ইংরেজির বাইরে তৃতীয় একটি ভাষা যে শুধুমাত্র বিদেশে কর্মসংস্থান তৈরি করছে সেটি নয়। বাংলাদেশেও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো কাজ করছে এবং সেখানেও জাপানিজ, চায়না, কোরিয়ান ভাষাসহ বিভিন্ন ভাষায় দক্ষ তরুণ যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে।

ভাষা দক্ষতায় চাকরির সুযোগ কতটা?
মো. আরিফুজ্জামান ঢাকার একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন।

পরে তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠান থেকে কোরিয়ান ভাষা শিখেন। এর কিছুদিন পর তিনি কয়েকটি ধাপ সম্পন্ন করে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। চাকরি করেন সেখানকার একটি শিল্প প্রতিষ্ঠানে।

মাত্র পাঁচ বছর সেখানে চাকরির পর যে উপার্জন করেছিলেন সেই পুঁজি নিয়ে দেশে ফিরে এসে বাংলাদেশে এসে ব্যবসা শুরু করেছেন। দিন দিন তার ব্যবসার পরিধিও বাড়ছে।

মি. আরিফুজ্জামান বলছিলেন, শুধুমাত্র কোরিয়ান ভাষায় তার দক্ষতা থাকার কারণে তিনি ওই প্রতিষ্ঠানে বেশ ভাল বেতনেই চাকরির সুযোগ পেয়েছিলেন।

তৃতীয় ভাষা বা ভিনদেশি ভাষা শুধুমাত্র বিদেশেই কর্মসংস্থান বা চাকরির সুযোগ তৈরি করে দিচ্ছে বিষয়টি এমন নয়। বর্তমানে বাংলাদেশে বহুজাতিক কোম্পানি, দূতাবাস ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোতেও বিদেশি বা তৃতীয় ভাষার গুরুত্ব বাড়ছে।

এই যেমন মিয়াদ হোসাইনের কথা শুরুতেই বলা হয়েছিল। তিনি বলছিলেন, বাংলাদেশে যে সব চীনা প্রতিষ্ঠান কিংবা চীনা নাগরিকেরা ব্যবসায়ের উদ্দেশ্যে আসে তারা ওইদেশি ভাষায় দক্ষ লোকের খোঁজ করেন।

"চায়নিজ নাগরিকেরা ইংরেজি ভাল বলতে পারে না বা ইংরেজিতে অভ্যস্ত নয়। যে কারণে যারা চায়নিজ পারে সেখানে একটা ভাল সুযোগ সুবিধা পাওয়া যায়", বলছিলেন মি. হোসাইন।

চীনা কিংবা কোরিয়ান ভাষার বাইরেও জার্মান, ফ্রেঞ্জ, জাপানি ভাষারও বেশ চাহিদা রয়েছে বাংলাদেশের তরুণদের মধ্যে। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইন্সটিটিউটে চীনা, জাপানি, ফেঞ্জ এবং ইংরেজি ভাষায় অনার্স এবং মাস্টার্স কোর্স চালু রয়েছে। এর বাইরে আরো কিছু ভাষা শিক্ষা কোর্স পড়াচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

অধ্যাপক আফজাল হোসেন জানান, তৃতীয় ভাষা হিসেবে যখন তাদের শিক্ষার্থীরা চীনা, জাপানি, ফ্রেঞ্জ কিংবা জার্মানি ভাষা শিখছে তাদের জন্য শুধু ওইসব দেশে নয় অন্য দেশগুলোতেও চাকরির সুযোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশেও তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

"ইদানীং সবচেয়ে বেশি চাহিদা দোভাষীর। সাধারণ শিক্ষায় যারা পড়াশোনা করছে তাদের চেয়ে তিন থেকে চারগুণ বেশি সেলারি পাচ্ছে যারা ভাষা শিক্ষার কোর্সগুলো করছে কিংবা গ্রাজুয়েশন করছে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যূনতম বেতন হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা", যোগ করেন তিনি।

সরকারের পরিকল্পনা ও বাস্তবতা
বর্তমান বিএনপি সরকার তাদের নির্বাচনি ইশতেহারে তৃতীয় ভাষার ওপর গুরুত্ব দিয়েছিল। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী তার বক্তৃতায় তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের ঘোষণাও দেন।

এর পাশাপাশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, "বর্তমান সরকারের প্রধান উদ্যোগ অর্থনৈতিক উন্নয়ন। সেটি করতে গিয়ে বিদেশি ভাষার দক্ষতাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে"।

তিনি জানান, তৃতীয় ভাষা শিক্ষার অংশ হিসেবে প্রথমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পর ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়েও নতুন আরেকটি ভাষা শেখানো হবে। প্রাথমিক পর্যায়ে সেটি হতে পারে জাপানি এবং চীনা ভাষা। আর প্রাথমিক পর্যায়ে এটি শুরু হতে পারে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে।

তবে, সবার আগে বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ এরই মধ্যে চূড়ান্ত করেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, "সারাদেশের ৪০টি পাবলিক এবং ১০টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শেখার কোর্স চালু করা হবে আগামী ডিসেম্বরের মধ্যেই"।

তিনি জানান, আগে থেকে যে সব বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা সেন্টার বা ইন্সটিটিউট রয়েছে সেগুলোকেও বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হবে। সারাদেশের ভৌগলিক অবস্থান বিবেচনা করে বাছাই করা হবে বিশ্ববিদ্যালয়গুলোকে।

"এই ভাষা শিক্ষায় আমরা ন্যাটিভ চিটার নিয়োগ দিতে চাই কারণ তারা ভাল শিখাতে পারবে। এটা আমাদের যুবক ও তরুণদের চাকরি বা কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ", যোগ করেন তিনি।

এক্ষেত্রে চীনা, জাপানি, জার্মান, ফ্রেঞ্জ, কোরীয় ও আরবি ভাষাকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান অধ্যাপক আহমেদ।

সরকারের এই উদ্যোগটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ হলেও এটা কতখানি বাস্তবায়নযোগ্য সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক মনে করেন, এটি চালুর আগে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং কতটা বাস্তবায়নযোগ্য সেটি বিবেচনা করা দরকার। না হলে এই ধরনের উদ্যোগ নেওয়া হলেও সেটি সঠিকভাবে কাজ নাও আসতে পারে।

কোন ভাষার জন্য কতজন শিক্ষক দরকার, তারা সেই ভাষায় কতখানি দক্ষ, যারা এই তৃতীয় ভাষা শিখবে তাদের সেই ভাষা কতখানি কাজে লাগবে কিংবা যদি প্রাকটিসের মধ্যে না থাকে তাহলে তাদের ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই বিষয়গুলো আগে থেকেই পরিকল্পনা করে তারপর এটি চালু করা উচিত", যোগ করেন অধ্যাপক হক। সূত্র: বিবিসি বাংলা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের