বুধবার,

২৫ নভেম্বর ২০২৬,

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

বুধবার,

২৫ নভেম্বর ২০২৬,

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

রকেটের সফল উৎক্ষেপণ, মহাকাশে পাড়ি জমালেন পাকিস্তানের প্রথম নভোচার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ২৫ নভেম্বর ২০২৬

Google News
রকেটের সফল উৎক্ষেপণ, মহাকাশে পাড়ি জমালেন পাকিস্তানের প্রথম নভোচার

চীনের মহাকাশযান শেনঝৌ-২৪-এর সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে গেলেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। দেশটির প্রথম নভোচারী হিসেবে মহাকাশযাত্রা করেছেন তিনি। একই সঙ্গে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারীও জিশান।

বুধবার সকালে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এতে জিশান আলীর সঙ্গে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে। উৎক্ষেপণের পর চীনা কর্তৃপক্ষ অভিযানটিকে সফল ঘোষণা করেছে।

সাবেক বিমানবাহিনীর পাইলট ৪০ বছর বয়সী জিশান আলী এ অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। মহাকাশ স্টেশনে তিনি প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন। এ সময় পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থার জন্য নির্ধারিত চারটি পরীক্ষাসহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন।

মহাকাশে জিশান ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ এবং মহাকাশের বিকিরণ ও মাইক্রোগ্রাভিটির প্রভাবে কুইনোয়া বীজের পরিবর্তন নিয়ে গবেষণা করবেন। এ ছাড়া মহাকাশের পরিবেশে মানবদেহের রক্তনালির বয়স বৃদ্ধির প্রক্রিয়া, অ্যারোস্পেস মেডিসিন ও দহনপ্রক্রিয়া নিয়ে পরীক্ষা চালাবেন নভোচারীরা।

উৎক্ষেপণের আগে এক সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি জানিয়ে জিশান আলী বলেন, ‘আমি কাঁধে পাকিস্তানের নাম এবং ২৫ কোটি পাকিস্তানির আশা বহন করছি। কক্ষপথ থেকে আমাকে দেখছে এমন প্রতিটি শিশুকে বলতে চাই, আকাশের দিকে তাকাও। মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে আছি।’

চীনা ভাষা শেখাই ছিল বড় চ্যালেঞ্জ
মহাকাশযানের সব সুইচ, সফটওয়্যার, নির্দেশনা ও কণ্ঠস্বরের ঘোষণা ম্যান্ডারিন ভাষায় হওয়ায় জিশান আলীর জন্য চীনা ভাষা শেখা ছিল বড় চ্যালেঞ্জ। এ জন্য বেইজিংয়ে টানা সাত মাস ভাষার নিবিড় প্রশিক্ষণ নিয়েছেন তিনি। পাশাপাশি চীনা গান ও কবিতা শেখার পাশাপাশি ক্যালিগ্রাফি ও টেবিল টেনিসেও অংশ নেন।

জিশান বলেন, ‘আমি সেন্ট্রিফিউজ প্রশিক্ষণ, উদ্ধার ও বেঁচে থাকার প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণসহ বিভিন্ন ধাপ অতিক্রম করেছি। তবে সত্যি বলতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চীনা ভাষা আয়ত্ত করা।’

চীন-পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায়
পাকিস্তানের নিজস্ব কোনো মহাকাশযান না থাকায় নভোচারী পাঠানোর ক্ষেত্রে দেশটিকে চীনের ওপর নির্ভর করতে হয়েছে। জিশান আলী ও চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত আরেক পাকিস্তানি প্রার্থী খুররম দাউদ চীনে প্রশিক্ষণ নিয়েছেন। চীনা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তারা মহাকাশ স্টেশনসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমেও অংশ নিয়েছেন।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী এ দিনটিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে বলেছেন, এই অভিযান চীন ও পাকিস্তানের গভীর বন্ধুত্বের প্রতিফলন।

চীনের জন্যও এ অভিযান গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো কোনো বিদেশি নাগরিককে নিজেদের মহাকাশ স্টেশনে পাঠাল দেশটি। এর মাধ্যমে তিয়ানগং মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্র হিসেবে তুলে ধরতে চায় বেইজিং। একই সঙ্গে মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কর্মসূচির বিকল্প শক্তি হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছে চীন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৫০টি দেশ তাদের নাগরিকদের মহাকাশে পাঠিয়েছে। তবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশযানের মাধ্যমে মানুষ পাঠানোর সক্ষমতা রয়েছে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের