শুক্রবার,

২৭ নভেম্বর ২০২৬,

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

শুক্রবার,

২৭ নভেম্বর ২০২৬,

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

শ্রীদেবীর মৃত্যুর ৮ বছর পর সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৩, ২৭ নভেম্বর ২০২৬

Google News
শ্রীদেবীর মৃত্যুর ৮ বছর পর সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা বিনোদনজগৎ। দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। শুরু থেকেই অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। দুর্ঘটনা, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য—এ নিয়ে সংবাদমাধ্যমের একাংশে চলেছিল বিস্তর জল্পনা। সেই ঘটনার প্রায় আট বছর পর মুখ খুললেন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি।

তার দাবি, শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ তার নজরে আসেনি। বরং এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে ২০১৮ সালের সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন নবদীপ সিং সুরি। শ্রীদেবীর মৃত্যুর সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।

অভিনেত্রীর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দুবাই প্রশাসন ও কাপুর পরিবারের মধ্যে সমন্বয় সাধনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছিলেন তিনি।
সুরি জানান, সংবাদমাধ্যমে একের পর এক জল্পনা ছড়িয়ে পড়ায় দুবাই প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। নিয়ম মেনেই করা হয় ময়নাতদন্ত। সংগ্রহ করা হয় ভিসেরা নমুনা, পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুরও।

সাক্ষাৎকারে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সংবাদ পরিবেশনের ধরন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই রাষ্ট্রদূত। তার মতে, শ্রীদেবীর মৃত্যুর মতো একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের একাংশ কার্যত তামাশায় মেতে উঠেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে তাকেই প্রকাশ্যে এসে বক্তব্য দিতে হয়েছিল।

নবদীপ সিং সুরির ভাষায়, সেই সময় টেলিভিশন চ্যানেলগুলো সব সীমা অতিক্রম করেছিল। পুরো পরিস্থিতিকে তিনি ‘কুৎসিত ও অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন। তার আক্ষেপ, এত বছর পেরিয়ে গেলেও সংবাদমাধ্যম সেই ঘটনা থেকে কোনো শিক্ষা নিয়েছে বলে তার মনে হয় না।

উল্লেখ্য, শ্রীদেবীর আকস্মিক মৃত্যু নিয়ে সে সময় ভারতজুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। দীর্ঘ সময় পর সাবেক রাষ্ট্রদূতের এই বক্তব্য নতুন করে সেই ঘটনাকে আলোচনায় নিয়ে এসেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের