বুধবার,

২৫ নভেম্বর ২০২৬,

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

বুধবার,

২৫ নভেম্বর ২০২৬,

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

দেশে ফিরলে হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৯, ২৪ নভেম্বর ২০২৬

Google News
দেশে ফিরলে হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

দেশে ফিরলে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে ‘পলিটিক্যাল স্টান্ট’ বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে তারা। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ইজ ভেরি ক্লিয়ার। উনি ফিরে এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে এবং ল উইল টেক ইটস কোর্স (আইন তার নিজস্ব গতিতে চলবে)। আমি আবারও বলছি, বাকিটা আইন মন্ত্রণালয় দেখছে। লিগ্যাল যে প্রসেসগুলা আছে, সেইটা ওনারা বলবেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে কোনো ব্যক্তি দণ্ডিত ও দোষী সাব্যস্ত হলে সরকার তাকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা এ ধরনের কোনো নথি দিতে বাধ্য নয়। এ ক্ষেত্রে সংবিধানের ব্যত্যয় ঘটবে না বলেও জানান তিনি।

বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের অবস্থানকেও বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘যেখানেই যাবে, সেখানেই অ্যারেস্ট হবে।’

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী দেশে ফিরতে শেখ হাসিনা বিমান চেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান। রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই।

তিনি আরও বলেন, প্লেন, হেলিকপ্টার, বাস, গাড়ি বা রিকশা পাঠানোর কোনো কথাই কারো সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের