ইউটিউবের সঙ্গে ফিফার চুক্তি, বিশ্বকাপের খেলা দেখা নিয়ে যা জানা গে

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৪ চৈত্র ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৪ চৈত্র ১৪৩২

Radio Today News

ইউটিউবের সঙ্গে ফিফার চুক্তি, বিশ্বকাপের খেলা দেখা নিয়ে যা জানা গে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৬, ১৮ মার্চ ২০২৬

Google News
ইউটিউবের সঙ্গে ফিফার চুক্তি, বিশ্বকাপের খেলা দেখা নিয়ে যা জানা গে

আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে একটি বড় চুক্তি সই করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। গত মঙ্গলবার (১৭ মার্চ) সম্পাদিত এই চুক্তির ফলে বিশ্বকাপের ম্যাচগুলোর নির্দিষ্ট অংশ ইউটিউবে সরাসরি সম্প্রচার করা যাবে। মূলত বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের দর্শকদের ফুটবল বিমুখতা কাটাতে এবং টুর্নামেন্টের প্রচার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফিফা এই চুক্তিকে একটি ‘গেম-চেঞ্জিং অংশীদারিত্ব’ হিসেবে অভিহিত করেছে। চুক্তির আওতায় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলোর প্রথম ১০ মিনিট সরাসরি সম্প্রচারের জন্য স্বত্বাধিকারী সম্প্রচার মাধ্যমগুলোকে উৎসাহিত করা হবে।

ফিফা মনে করছে, ম্যাচের শুরুটা ইউটিউবে দেখে তরুণ দর্শকরা পুরো ম্যাচটি টেলিভিশনের মতো প্রচলিত মাধ্যমে দেখতে আগ্রহী হবে।

এছাড়া ফিফা জানিয়েছে, নির্দিষ্ট কিছু ম্যাচ সম্পূর্ণভাবে ইউটিউব চ্যানেলে স্ট্রিম করার সুযোগও পাবে সম্প্রচারকারীরা। এর মাধ্যমে পুরো টুর্নামেন্টটি কোন কোন মাধ্যমে দেখা যাচ্ছে, সে বিষয়ে দর্শকদের একটি স্বচ্ছ ধারণা দেওয়া সম্ভব হবে। তবে এই চুক্তির আর্থিক অঙ্ক কত, তা প্রকাশ করেনি কোনো পক্ষই।

ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি সুখবর হলো, ফিফা তাদের বিশাল আর্কাইভ থেকে পুরোনো পূর্ণাঙ্গ ম্যাচ এবং ফুটবল ইতিহাসের স্মরণীয় সব মুহূর্ত ইউটিউবে উন্মুক্ত করবে।

উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপে ইউটিউব ছিল দ্বিতীয় সারির স্পন্সর। তখন শুধু কনটেন্ট নির্মাতাদের মাঠের ভেতরের কিছু মুহূর্ত ধারণের সুযোগ দেওয়া হয়েছিল।

তবে এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিতব্য বিশ্বকাপের ১০৪টি ম্যাচ ঘিরে কনটেন্ট তৈরির জন্য বিশ্বজুড়ে একদল ইউটিউব নির্মাতাকে অভূতপূর্ব সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের