২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নেমে স্বস্তিদায়ক জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
চোট কাটিয়ে ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ায় থাকা অধিনায়ক লিওনেল মেসি ম্যাচটিতে মাঠে নামেননি। কোচ লিওনেল স্কালোনি একাদশে ব্যাপক পরিবর্তন আনলেও পুরো ম্যাচে বেঞ্চেই ছিলেন এই তারকা ফুটবলার। তবে তাতে দলের জয়ে কোনো প্রভাব পড়েনি। ম্যাচজুড়ে কেবল অগাস্তিন গিয়াই পুরো ৯০ মিনিট খেলেছেন।
স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত বিপুলসংখ্যক সমর্থক শুরু থেকে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে যান। তবে মেসিকে মাঠে দেখতে না পাওয়ায় তাদের অপেক্ষা দীর্ঘই হয়। পেশির ক্লান্তির কারণে সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে তাকে বিশ্রামে রাখা হয়।
প্রথমার্ধের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের ভেতরে নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউল করলে স্পটকিকের সুযোগ পায় আলবিসেলেস্তেরা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ।
বিরতির পর ব্যবধান আরও বাড়ায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই লাউতারোর চমৎকার ব্যাকহিল পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন জিউলিয়ানো সিমিওনে। অ্যাতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের এই গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্কালোনির দল।
দ্বিতীয় গোলের পর বেশ কয়েকটি পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ। তবে ম্যাচের শেষ পর্যন্ত মেসিকে মাঠে নামানোর ঝুঁকি নেননি তিনি। ৩৮ বছর বয়সী এই তারকা গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে নিজের সর্বশেষ ম্যাচে সামান্য চোট পাওয়ার পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন।
ম্যাচের আগে মেসির শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী মন্তব্য করেছিলেন স্কালোনি। তিনি জানান, মেসি দলের সঙ্গে আংশিক অনুশীলন করেছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দুটি প্রস্তুতি ম্যাচের যেকোনো একটিতে তাকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দেন আর্জেন্টিনা কোচ।
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৬ জুন। ‘জে’ গ্রুপে তাদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। একই গ্রুপে রয়েছে অস্ট্রিয়া ও জর্ডান। তার আগে আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির শিষ্যরা।
রেডিওটুডে নিউজ/আনাম

