ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের সমতার পর পর্তুগাল দলে অন্তঃকোহলের খবর বেরিয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সে সতীর্থরা খুশি নন বলে অভিযোগ উঠেছিল। ‘রোনালদো দলের শুধুই একজন ফুটবলার’ সোস্যাল মিডিয়ায় এমন মন্তব্যও করেন দলটির এক ফুটবলার।
তবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের ম্যানেজার রর্বাতো মার্টিনেজ দাবি করেছে, পর্তুগাল দল এখন আগের থেকেও ঐক্যবদ্ধ।
তিনি বলেন, ‘আমরা আরো দলবদ্ধ। আরো শক্তিশালী। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে টুকটুক কানাঘুষা হবে। অনেক চাপ থাকবে, এটা খেলারই অংশ। তবে আমাদের মনোযোগ দলের দিকে। দলের মধ্যে কোন ঝামেলা নেই।’
পর্তুগালের কোচ হওয়ার পর থেকে রোনালদোর প্রশংসা করে চলেছেন স্প্যানিশ কোচ মার্টিনেজ। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেও একই সুরে কথা বলেছেন তিনি, ‘অধিনায়ক হিসেবে সে উদাহরণ। সে অবদান রাখতে চায় এবং দলের জন্য আদর্শ। সে গোল না করলেও দলের জন্য জায়গা তৈরি করছে।’
কঙ্গোর বিপক্ষে দল হিসেবে পর্তুগাল সামর্থ্য দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন পর্তুগালের ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো, ‘আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি। পর্তুগালের মতো দলের জন্য যা স্বাভাবিক ছিল না। আমাদের দারুণ সব ফুটবলার আছে। বিশ্ব সেরাদের পর্যায়ে। এই ম্যাচে (উজবেকিস্তান) জয় ভিন্ন যেকোন ফল ব্যর্থতা হিসেবে ধরা হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম

