পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৬ জেলায় বন্যা সতর্কতা

রোববার,

১২ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

রোববার,

১২ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৬ জেলায় বন্যা সতর্কতা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৯, ১২ জুলাই ২০২৬

Google News
পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৬ জেলায় বন্যা সতর্কতা

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ১৬ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি বা অবনতির আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে দেশের পাঁচটি নদীর পাঁচটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বান্দরবান ও চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে সাঙ্গু নদী, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এবং নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কোথাও কোথাও নতুন করে বিস্তার বা আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।

রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও একই সময়ে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

তবে কিছু এলাকায় পরিস্থিতির উন্নতির আভাসও দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি কমতে পারে। এতে এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের